বৌদ্ধমন্দিরে হামলায় বিচার বিভাগীয় তদন্ত ও শাস্তি দাবি
কক্সবাজারের রামু, টেকনাফ, উখিয়া এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধমন্দির ও বৌদ্ধসম্প্রদায়ের ওপর হামলার ঘটনাকে বর্বরোচিত উল্লেখ করে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন দেশের নয়জন বিশিষ্ট নাগরিক। আজ সোমবার এক বিবৃতিতে তাঁরা এই দাবি করেন।নয়জন বিশিষ্ট নাগরিক হলেন: আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক এরোমা দত্ত, অ্যাডাবের সভাপতি রোকেয়া কবীর, এফএনবির সভাপতি তাজুল ইসলাম, অ্যাকশন এইড বাংলাদেশের ফারাহ কবীর, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বিবৃতিতে তাঁরা বলেন, ‘ধর্মীয় পবিত্র স্থাপনা ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নগ্ন আক্রমণের এ জাতীয় ঘটনা বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্ম-জাতিনির্বিশেষে সব নাগরিকের সম-অধিকারে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশে এ জাতীয় উগ্রপন্থী গোষ্ঠীর নারকীয় আক্রমণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।’তাঁরা আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, মূল্যবোধ, সর্বোপরি আমাদের স্বাধীন জাতিসত্তার মূল ভিত্তির ওপর এটি অগ্রহণযোগ্য ও অমার্জনীয় আঘাত। সরকারি-বেসরকারিসহ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে ঘটনাগুলো পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক বিবেচিত হওয়ায় আমরা আরও বেশি উদ্বিগ্ন। এ হামলা শুধু বৌদ্ধসম্প্রদায়ের ওপরই নয়, বাংলাদেশের আত্মপরিচয়ের ওপর অগ্রহণযোগ্য চ্যালেঞ্জ।’ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মৌলিক মানবাধিকার লঙ্ঘনকারী এসব ঘটনার প্রশাসনিক তদন্তের পাশাপাশি সম্পূর্ণ নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রভাবমুক্ত তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা। বিবৃতিতে বৌদ্ধপল্লীতে হামলায় ক্ষতিগ্রস্ত ও আহত ব্যক্তিদের যথাযথ চিকিত্সা ও ক্ষতিপূরণ এবং ধ্বংসপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনতিবিলম্বে পরিপূর্ণ পুনঃস্থাপন ও নির্মাণের সব ব্যয় সরকারিভাবে নির্বাহের দাবি জানানো হয়।