ব্যক্তি পর্যায়ে গাড়িতে সিএনজি নিষিদ্ধের পক্ষে সংসদীয় কমিটি
গণপরিবহন ছাড়া ব্যক্তি পর্যায়ে বিলাসবহুল যানবাহনে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) ব্যবহার নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকের সদস্যরা এই মত দেন।আসন্ন বাজেটকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে সংসদীয় কমিটি।বৈঠক শেষে কমিটির সদস্য আ হ ম মুস্তফা কামাল সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, কমিটি বিদ্যুতের ব্যবহারের ক্ষেত্রে ধনী ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য আলাদা দর নির্ধারণের পক্ষে মত দিয়েছে। এ বিষয়ে কমিটি আগামী ১০ মে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা এবং অন্যান্য অংশীদারের সঙ্গে পরামর্শ করে তাদের সুপারিশ চূড়ান্ত করবে।মুস্তফা কামাল বলেন, যাঁরা নিশান পেট্রোল বা মিতসুবিশি পাজেরোর মতো বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন, রাষ্ট্রের আর্থিক সাশ্রয়ের জন্য তাঁদের গাড়িতে সিএনজি ব্যবহার বন্ধ করতে হবে। সবার গাড়ি সিএনজি ব্যবহারের উপযোগী করার কোনো মানে হয় না। শুধু বাস বা অটোরিকশার (গণপরিবহন) ক্ষেত্রে সিএনজি ব্যবহারের সুযোগ থাকা উচিত।বিদ্যুত্ খাতের ভর্তুকি কমাতে কমিটি গ্রামেও প্রান্তিক এবং ধনী কৃষকদের জন্য বিদ্যুতের আলাদা দর নির্ধারণের পক্ষে মত দিয়েছে। এ ছাড়া বিদ্যুতের লোডশেডিংয়ের জন্য বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সমালোচনা করে।মুস্তফা কামাল বলেন, ‘বিদ্যুতের সঠিক চাহিদা কত, তা আমরা জানি না। পিডিবিও সঠিক চাহিদা নিরূপণ করতে পারেনি। তারা একেক সময়ে একেকটা বলে। আগে বলত সাড়ে ছয় হাজার মেগাওয়াট, এখন বলে আট হাজার মেগাওয়াট। এটার সঠিক তথ্য জানা দরকার।’তবে বিদ্যুতের সমস্যার সমাধানে কুইক রেন্টাল পদ্ধতিকে সঠিক বলে মন্তব্য করেন মুস্তফা কামাল। তিনি বলেন, চাহিদা যে হারে বেড়েছে, তাতে কুইক রেন্টাল না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো।বৈঠকে বিশেষ আমন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, সালেহ উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, মোস্তাফিজুর রহমান এবং উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কে মুজেরী অংশ নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। তাঁরা দেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান হালচাল এবং এই নিরিখে আসন্ন বাজেটের জন্য প্রবৃদ্ধি অর্জন, বিনিয়োগ এবং কর্মসংস্থান-সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা করেন বলে মুস্তফা কামাল জানান।মুস্তফা কামাল আরও বলেন, রাজনীতিবিদদের যেমন জবাবদিহি রয়েছে, তেমনি আমলাদেরও জবাবদিহির মধ্যে আনতে হবে। দক্ষতা বাড়াতে প্রয়োজনে বেসামরিক প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠাতে হবে। ইতিহাসে দেখা যায়, বছরের শেষ তিন মাসে এডিপি বাস্তবায়নের তোড়জোড় শুরু হয়। ফলে কাজ শেষ করা অসম্ভব হয়ে পড়ে। এতে অপচয় বেড়ে যায়।মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, তাজুল ইসলাম, এম এ মান্নান ও ফরিদা রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।