ঢাকা থেকে উত্তরাঞ্চল অভিমুখে ১৮ ও ১৯ অক্টোবর দুই দিনব্যাপী রোডমার্চ কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করায় ওই অঞ্চলের সর্বস্তরের মানুষকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে খালেদা জিয়া অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি চারদলীয় জোট এবং সমমনা বিভিন্ন দল, অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকেও ধন্যবাদ জানান।খালেদা জিয়া বলেন, ‘সমগ্র উত্তর জনপদে যে প্রবল জনজাগরণ দেখেছি, তাতে আমি আনন্দিত। এতে দেশ ও মানুষের স্বার্থ রক্ষার সংগ্রামে আমার নিজের এবং আমার সহকর্মীদের শক্তি, সাহস ও মনোবল অনেক বেড়ে গেছে।’ তিনি বলেন, রোডমার্চ কর্মসূচির সাফল্য এবং এর মাধ্যমে গণজাগরণ দেখে শাসক দল আতঙ্কিত হয়ে পড়েছে।খালেদা জিয়াকে ব্যক্তিগত আক্রমণ করে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন তিনি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই স্বমূর্তিতে আবির্ভূত হয়ে আমাদের বিরুদ্ধে অশালীন, অরাজনৈতিক ও রুচিহীন ভাষায় ব্যক্তিগত আক্রমণ ও কুৎসা রটনায় নেমে পড়েছেন। অসত্য প্রচারণায় তিনি রাজনৈতিক পরিবেশকে কলুষিত করছেন এবং ব্যক্তিগত বিদ্বেষের পর্যায়ে নামিয়ে আনছেন।’বিএনপির চেয়ারপারসন বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে ভিন্নমত থাকবেই। তবে এর প্রকাশ হতে হবে শালীন, সুরুচিপূর্ণ ও ব্যক্তিগত বিদ্বেষের ঊর্ধ্বে।বানেশ্বরে খালেদার পথসভা: প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক জানান, উত্তরাঞ্চলের রোডমার্চ থেকে ফেরার পথে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে অনির্ধারিত পথসভা করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।দলীয় সূত্রগুলো জানায়, চারদলীয় জোটের উত্তরাঞ্চল অভিমুখের রোডমার্চটি ঢাকা থেকে রাজশাহী গিয়ে জনসভার মধ্য দিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির অন্তর্কোন্দলে রাজশাহীর জনসভা বাতিল করে চাঁপাইনবাবগঞ্জে শেষ জনসভার সিদ্ধান্ত হয়।চাঁপাইনবাবগঞ্জের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে খালেদা জিয়ার নেতৃত্বে রোডমার্চের গাড়িবহর গতকাল বুধবার রাত ১০টায় পুঠিয়ার বানেশ্বরে পৌঁছায়। সেখানে রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার নেতৃত্বে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী খালেদা জিয়াকে স্বাগত জানান। এ সময় সেখানে অনির্ধারিত পথসভায় বক্তৃতা করেন বিরোধীদলীয় নেতা।