ব্যক্তিগত ইভেন্টে মেধা-সংকট
আমি আমার নিজের অবস্থান থেকে নিজের চোখে দেখা কয়েকটি গভীর বিস্ময়ানুভূতির কথা বলছি। স্বতঃসিদ্ধ আনন্দের কথা বলছি। হয়তো দিন-ক্ষণ-সালের হেরফের ঘটতে পারে। আমি আমার লালিত কষ্টের কথাও বলছি, গভীর হতাশার কথাও বলছি। তাই বলে আমাকে দুঃখবাদী ভাবার কোনো অবকাশ নেই। তবে এটা ঠিক যে প্রাণচাঞ্চল্যে একদা ভরপুর এই মনোরথের চাকা চলছে না, হেলুনি-দুলুনিও খাচ্ছে না। মনে হচ্ছে, পেছন থেকে কেউ টেনে ধরে আছে আমাদের সম্মুখযাত্রা। মনে হচ্ছে, আমাদের ঘরে-ঘরে সেই মায়েরা নেই বলেই এই বেহাল দশা। আর এই যে না থাকার কষ্ট এবং বেদনা, তার সবটাই হচ্ছে বয়স আর উপলব্ধির বোঝা। এই বোঝা আর কাঁধ থেকে নামবে বলে বিশ্বাস হয় না। হয়তোবা এখানেই আমি কিছুটা মর্মবিনাশী, কিন্তু তাই বলে দুঃখবাদী নই। মুঠোভর্তি টুকরো টুকরো রোদ-জ্যোৎস্না কবে যেন তস্করদের হাতে চলে গেছে। চুরি হয়ে গেছে সব প্রাপ্তি। আমার এই ছিঁচকাঁদুনিপনা দেখতে দেখতে হতবাক আজকের মাঠ-ময়দান, যেন আমার চোখের নীড়ে ডানা ঝাঁপটে চলেছে বর্ষীয়ান বিহঙ্গের দল। সামনে যে অনাগত ভবিষ্যৎ, সেখানে বসবাস করবে না এরা? সেই ডলিক্রুজ-জাহেদা-সুফিয়া-নাসিমারা? লীনু-এলিনা-ডানারা? ওরা আর আসবে না? ওদের ছায়া আঁকড়ে ধরে আছে যারা, তাদের হাতে-পায়ে মরচে ধরা তালা-চাবি। খোলেও না, চলেও না।খুব খুশি হয়ে উঠেছিলাম, যেদিন ইরাকের একটি দল প্রেসিডেন্ট কাপে (১৯৮১) বাংলাদেশ সবুজ দলের (সে বছরের সিনিয়র দল) কাছে ১-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল। খুব আহামরি পারফরম্যান্স না থাকা সত্ত্বেও দু-দুটো গোল করেছিল সালাউদ্দিন, তার দুই বছর পরের প্রেসিডেন্ট কাপে নেপালের বিরুদ্ধে চুন্নুর হ্যাটট্রিক আর ফিনল্যান্ডের বিরুদ্ধে আসলামের হ্যাটট্রিক! ১৯৮৯ সালের আসরে সাব্বিরের বাঁক খাওয়ানো উড়ে আসা বলে আসলামের মাথা-ছোঁয়ানোটাই কাপ জেতানোর জন্য যথেষ্ট ছিল। আর মুন্না? অকালপ্রায়ত এই মুন্নার পরে, আমার বিশ্বাস করতে খুবই কষ্ট হয়, ৯০ মিনিটের একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো যোগ্যতা নিয়ে মুন্নার পর আর তো কেউ এলই না! ওই ধরনের খেলোয়াড়ের জন্মদাতা-দাত্রীর সংখ্যাই বা বর্তমানে কত?খুশি হয়েছিলাম, খুবই খুশি হয়েছিলাম দেখে যে ১৯৮৫ সালের ঢাকা সাফ গেমসের সাঁতারে মোশাররফ হোসেন খান পাঁচটি ইভেন্টে সোনা জিতে প্রমাণ করেছিল ‘বিক্রমপুরের পোলা, লক্ষ টাকা তোলা’। আর অন্য এক মোশাররফ? বক্সিং-রিংয়ে চূড়ান্ত হেভিওয়েট ইভেন্টে পাকিস্তানি প্রতিপক্ষের চোয়ালে জ্যাব আরেকটা হুক মেরেই ক্যানভাসে সেই যে সটান শুইয়ে দিল, বেচারা আর উঠতেই পারল না। সেই ‘সোনা’টি যে ‘সোনার বাংলা...আমি তোমায় ভালোবাসি’ শুনিয়েছিল, তার আলাদা একটা মূল্য আমার কাছে চিরদিন থাকবে: সেই ‘ধড়াম ঘুষি’ আমার কাছে চিরকালই ‘বুম বুম’ আফ্রিদির চেয়ে অনেক বেশি ওজনের। শুধু মুক্তিযুদ্ধে ছিলাম বলেই নয়, যুক্তিতর্কে আছি বলেই। কেউ কথা বলবেন? যুক্তি খণ্ডাবেন? আসুন। মোস্ট ওয়েলকাম।সড়ক দুর্ঘটনায় অকালপ্রয়াত শাহ আলমের এক শ মিটার দৌড়ে শ্রীলঙ্কার দেসাকে টপকে ১৯৮৫তে ঢাকায় এবং ১৯৮৭তে কলকাতায় পরপর দুই আসরে সোনা জেতাকে শুধু বাংলাদেশেরই গৌরব মনে করি না। এটা এমনই এক অহমবোধের কথা বলে, যা দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের জন্যই অধরা-মাধুরী।সাঁতারু সেই মোশাররফ, মুষ্টিযোদ্ধা (বক্সার) সেই মোশাররফ, ট্র্যাকের সেই শাহ আলম, ফুটবলের সেই আশরাফ-কবির-মারী, সেই আসলাম-টুটুল-সালাউদ্দিন-বাবুল-এনায়েত-মঞ্জু-মুন্না-সাব্বিররা আর এল না, এল না। এলই না। আসার কোনো লক্ষণই দেখছি না। তন্ন তন্ন করেও খুঁজে পাচ্ছি না ফ্লোরের একজন লীনু, একজন এলিনা, এমনকি একজন ডানাকে।হকির কথা ভাবলে গা শিউরে ওঠে! প্রতাপ, বশীর, সাদেক, ইব্রাহিম সাবের, এহতেশাম সুলতান, বারী, এমনকি খাজা রহমত, মালেক চুন্নু, সালাহউদ্দিন তিসা, রামা-জুম্মন লুসাইদের মানের কেউ আছেন কি না, সন্দেহ। কেউ আসবেন কি না, তাতেও সন্দেহ। হকিস্টিক এখন মাঠ ছেড়ে ছাত্রাবাসেই সক্রিয়। স্কুপের বদলে ধরমার। কাবাডিতে এখন তামার জন্য জামা ভিজেও তেমন কাজ হয় না। আমি আমার লালিত কষ্টের কথা বলছি। দুঃখ-দুর্দশার কথা বলছি। এ বছর, ‘সাফ গেমস’-এর অ্যাথলেটিকস ও সাঁতারে কোনো সোনা জোটেনি বাংলাদেশের! ছি!!হ্যাঁ, আমিও স্মৃতির জাল বুনছি তখন থেকেই, যখন আমার বয়স সবে ১০। এখন ষাটের মধ্যপ্রান্তে দাঁড়িয়ে, রিউইন্ড করছি নিজেকে, আর দেখছি মাকড়সার বোনা সেই জালে দম আটকে ছটফট করছে আমার কিংবদন্তি আনন্দ। আমার বয়স আমার চোখ ঢেকে শুনছে ভোমরা পাতার গুঞ্জন: যেন কেউ বিশ্বাস ভেঙেছে বলে জন্মের পর যে জীবন দেখেছি, সে আমার নয়। কররেখায় সাপ-লুডুর ছক এঁকে, সে যাচ্ছে সাপের মুখে বারবার, মই খুঁজে পাচ্ছে না। বিড়ম্বনার শিকার হচ্ছে ঘুরেফিরে...কেউ কথা রাখেনি আর কেউ কথা রাখে না—এমনই স্বতঃসিদ্ধ কবি-প্রবাদের ভয়ে সন্ত্রস্ত আজ গোটা ক্রীড়াঙ্গন। কম্পিউটার ব্রাউজিং করেও পাচ্ছে না সার্চিং বাটন। ফলাফল পাবে কোত্থেকে? বরং আমার ঘোলা চোখে দিব্যি ফুটে উঠছে ক্রিকেটেরই হাসিমাখা শিশুমুখ, যদিও এই শিশুকে নিয়ে লোফালুফিটা বেশি হচ্ছে। আরেকটি হতাশার আগে, প্রত্যাশা পূরণের কৈশোরটা তাকে দিতে চাই। আমার ফুসফুসের দাগটা দিতে চাই।সাঁতার যখন জাহান্নামের আগুনে পুড়ছে, তখন পানিতে নেমেছে অ্যাথলেটিকস। রানী হামিদের কাছে নালিশ থাকল: আপনার আর কোনো বোন নেই কেন—যে আড়াই-ঘরের অশ্বলম্ফটা জানে। দাবাও কি এমনই হাবাগোবা! আমার কলম কি বাকি জীবন সোয়া শ বর্গকিলো খামোখাই দৌড়াবে?