ব্যক্তিগত গাড়ি খালে, দম্পতির মৃত্যু
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গাড়ি চালানো শেখার সময় ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উত্তর জালকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দম্পতি হলেন মিরাজ হোসেন (৩০) ও তাঁর স্ত্রী রিপা (২৫)। তাঁরা ঢাকার জুরাইনের বাসিন্দা।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা প্রথম আলো ডটকমকে বলেন, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে বন্ধুর বিয়ে উপলক্ষে গত বুধবার বেড়াতে আসেন মিরাজ ও তাঁর স্ত্রী রিপা। আজ সকালে স্ত্রীকে গাড়ি চালানো শেখানোর জন্য প্রাইভেটকার নিয়ে বের হন মিরাজ। সাড়ে ছয়টার দিকে প্রাইভেটকারটি জালকুড়ি এলাকায় ডিএনডি খালে পড়ে যায়। জানালাগুলো বন্ধ থাকায় ডুবে যাওয়া গাড়িটির ভেতর থেকে তাঁরা বের হতে পারেননি। আশপাশের লোকজন গাড়িটি উদ্ধার করে পেছনের কাচ ভেঙে মিরাজ ও রিপাকে বের করেন। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।