যোগাযোগ মন্ত্রণালয়ের সুপারিশ: একাধিক গাড়ি নিবন্ধনে অনুমোদন লাগবে
ব্যক্তিগত গাড়ি সিএনজিতে রূপান্তর বন্ধের সুপারিশ
রাজধানীর যানজট কমাতে সব ধরনের ব্যক্তিগত ব্যবহারের গাড়ি (প্রাইভেট কার) সিএনজিতে রূপান্তর বন্ধ করার সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয়। এ ছাড়া একই পরিবারে একাধিক গাড়ির নিবন্ধন পেতে মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়ারও সুপারিশ করা হয়েছে। যোগাযোগসচিব মোজাম্মেল হক খানের নেতৃত্বে গঠিত যানজট নিরসনসংক্রান্ত স্থায়ী সমন্বয় এবং তদারকি কমিটি এসব সুপারিশ করেছে। দু-এক দিনের মধ্যে এসব সুপারিশ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘স্বল্প মেয়াদে যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে ও যানজট নিয়ন্ত্রণে আমরা এসব সুপারিশ করেছি। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এসব বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া মধ্য ও দীর্ঘ মেয়াদে যানজট নিরসনে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শিগগিরই জনগণ এর সুফল পাবে।’ এর আগে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. ইফতেখার হায়দারের নেতৃত্বে যানজট নিরসনের কর্মকৌশল পর্যালোচনা করে বাস্তবায়নযোগ্য সুপারিশ প্রণয়নে গঠিত সাব-কমিটি এসব সুপারিশ তৈরি করে। মোজাম্মেল হক খানের নেতৃত্বে গঠিত কমিটি এগুলো পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশমালা তৈরি করে। এদিকে আজ সোমবার সচিবালয়ে রাজধানীর যানজট নিরসনে মন্ত্রিসভার বৈঠকের পর বিকেল সাড়ে তিনটায় একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সাংসদ রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বৈঠকে সচিব কমিটির নেওয়া এসব সুপারিশ নিয়ে আলোচনা হবে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, কমিটি রাজধানীতে এক দিন পর পর জোড় ও বিজোড় নম্বরের ব্যক্তিগত গাড়ি ব্যবহার, শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য স্কুলের বাস সার্ভিস প্রবর্তন, হালকা যানবাহনের ক্ষেত্রে ব্যাংকঋণ-সুবিধা বন্ধ এবং সুপরিকল্পিতভাবে রাজধানীর ট্যাক্সিক্যাব-সেবাকে ঢেলে সাজানোর সুপারিশ করেছে। তবে রাজধানী ছাড়া অন্যান্য জেলায় নিবন্ধনকৃত ব্যক্তিগত গাড়ি, জিপ, মাইক্রোবাস, মোটরসাইকেল ইত্যাদি ঢাকায় প্রবেশের ক্ষেত্রে টোল আদায় এবং নিবন্ধন ফি বাড়ানোর সুপারিশকে সমর্থন দেওয়া হয়নি। কেননা, সম্প্রতিই নিবন্ধন ফি বাড়ানো হয়েছে। এ ছাড়া সব ধরনের গাড়ির আমদানি শুল্ক বৃদ্ধি এবং বড় যাত্রীবাহী বাসের শুল্ক কমানোর বিষয়টি নিয়ে আলোচনা হলেও বিষয়টি রাজস্ব আদায়ের সঙ্গে জড়িত থাকায় নাকচ করা হয়। এসব বিষয়ে খন্দকার মো. ইফতেখার হায়দার প্রথম আলোকে বলেন, স্বল্প খরচে সিএনজি-সুবিধা পেয়ে গাড়ির ব্যবহার বেড়েছে। এ কারণে গাড়ি সিএনজিতে রূপান্তর বন্ধ করার কথা বলা হয়েছে। এ ছাড়া একই পরিবারে একাধিক গাড়ি ব্যবহারের ফলে যানজট অসহনীয় হয়েছে। সূত্রমতে, রাজধানীতে ২০০৯ সাল পর্যন্ত যানবাহনের নিবন্ধন দেওয়া হয়েছে পাঁচ লাখ ২৭ হাজার। এর মধ্যে ব্যক্তিগত গাড়ি দুই লাখের ওপরে। কমিটির সুপারিশ: ১৪ অক্টোবর যানজট নিরসনে সংস্থাপন উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেমন, পুরোনো গাড়ি নষ্ট করার জন্য কেরানীগঞ্জে স্থান নির্ধারণ, নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং, অবৈধ রিকশার বিষয়ে আইনানুগ ব্যবস্থা, মোটরযান ও ট্রাফিক আইনকে যুগোপযোগী করা, ২৫ বছরের পুরোনো যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের আনা-নেওয়ার কাজে ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা নিরুৎসাহিত করতে ২০১১ থেকে বাস চালু এবং ফুটপাতে পথচারী চলাচলের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা। এ ছাড়া আলোচিত অন্যান্য বিষয় হচ্ছে—গুরুত্বপূর্ণ স্থানে ফ্লাইওভারের নির্মাণকাজ ত্বরাম্বিত করা, ডেমরা-আমুলিয়া-শেখেরজায়গা-রামপুরা সড়ক আগামী ১ জুলাই থেকে চলাচলের জন্য খুলে দেওয়া, গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে ব্যস্ত সময়ে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা, পরিবহন খাতের কমিটিকে পুনরুজ্জীবিত করা এবং টঙ্গীর বোর্ডবাজার থেকে মাওনা পর্যন্ত সড়কাংশ দ্রুত মেরামতের ব্যবস্থা করা। কমিটি এসব বিষয় দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে। ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ: আজকের বৈঠকে রাজধানীর ফুটপাতে বিভিন্ন অবৈধ স্থাপনা ১ নভেম্বর থেকে অপসারণ বিষয়ে আলোচনা করা হবে। ফুটপাত থেকে অবৈধ উচ্ছেদ বিষয়ে পরবর্তী সময়ে যাতে কোনো ধরনের সমস্যা বা আন্দোলন না হয়, সে জন্য বৈঠকে আওয়ামী হকার্স লীগের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।