ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য আইনের প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত তথ্য প্রকাশের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে বেসরকারি সংস্থা ভয়েস। তারা ব্যক্তির তথ্য সংরক্ষণ ও নিরাপত্তার জন্য আইন প্রণয়ন ও স্বাধীন প্রাইভেসি কমিশন গঠনের প্রস্তাব করেছে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘ব্যক্তির তথ্য সংরক্ষণ কেন জরুরি’ শীর্ষক আলোচনায় সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোরশেদ। তিনি বলেন, রাষ্ট্র ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে আজকাল সহজেই ব্যক্তির তথ্য সংগ্রহ করছে। ব্যক্তির টেলিফোনে আড়িপাতা হচ্ছে। অযথা ব্যক্তিকে হয়রানি করা হচ্ছে। এ ধরনের অযথা হয়রানির জন্য রাষ্ট্রকর্তৃক ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার বিধান থাকা উচিত।মার্গুব মোরশেদ আরও বলেন, জাতীয় পরিচয়পত্রের জন্য ব্যক্তির ঠিকানা এবং বয়সের তথ্য নেওয়াই যথেষ্ট। বর্তমানে যে ডেটা রয়েছে, সেখানে ব্যক্তির অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠানকে তথ্য দেওয়া উচিত নয়।ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ ব্যক্তিগত তথ্য সংরক্ষণ-সংক্রান্ত সাত দফা দাবি উত্থাপন করেন। দাবিতে বলা হয়েছে, ব্যক্তির ব্যক্তিগত তথ্য কেন গ্রহণ করা হচ্ছে, তা অবশ্যই ব্যক্তিকে জানাতে হবে। ব্যক্তির সম্মতি ব্যতীত তাঁর তথ্য সংগ্রহ করা যাবে না এবং সংগৃহীত তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য আইনি ব্যবস্থা নিতে হবে। তা না হলে ব্যক্তি পর্যায়ে মানুষ সরকারি, বেসরকারি ও দুষ্টু লোকদের দ্বারা নানাভাবে হয়রানির শিকার হবে।