ব্যক্তিগত লোভ-লালসা নিয়ে রাজনীতি করি না: শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ব্যক্তিগত লোভ-লালসা নিয়ে রাজনীতি করি না। জাতির পিতার আদর্শ নিয়ে রাজনীতি করি। আমার সব সময় মনে হতো, জাতির পিতার হত্যার বিচার না হলে এ দেশ অভিশাপমুক্ত হবে না। তাই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এবং বাধা-বিপত্তি অতিক্রম করে আমরা এই হত্যার বিচার করেছি। দেশকে অভিশাপমুক্ত করেছি।’বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সোমবার আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে, উৎসাহ জুগিয়েছে, তারা কখনো বাংলাদেশের উন্নতি চায় না। এই চক্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখবে। তবে যত বাধা-বিপত্তিই আসুক, তা মোকাবিলা করে অর্থনৈতিক মুক্তি অর্জন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা হবে।বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্যই ১৯৭১ সালের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যার জবাব দেওয়া হবে। এ জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।প্রধানমন্ত্রী ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘যেদিন বাংলার মানুষ মাথা তুলে দাঁড়াবে, সেদিনই আমার বাবার আত্মা শান্তি পাবে। ঘাতকের দল জানত, জাতির পিতা যে কর্মসূচি নিয়েছিলেন, তা বাস্তবায়ন করতে পারলে ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবে। তাই পরাজিত এই শক্তি চায়নি বাংলাদেশ উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াক। এ জন্যই ১৫ আগস্ট ঘটিয়েছে তারা।’ আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ছোট বোন রেহানাকে নিয়ে আমি বিদেশে ছিলাম। এ জন্যই আমরা দুজন বেঁচে গেছি। এই বেঁচে থাকা যে কী কষ্টের, যাঁরা আপনজন হারিয়েছেন, তাঁরা বুঝবেন।’শেখ হাসিনা বলেন, ‘মানুষ দল ছাড়তে রাজি হয়, কিন্তু মন্ত্রিত্ব ছাড়তে রাজি হয় না। একমাত্র জাতির পিতা সংগঠনের জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন।’ বঙ্গবন্ধুকে ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘একটা অন্যায় মুছে সত্য প্রতিষ্ঠা করা হলো।’সভাপতির বক্তব্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘আমাকে নিজের কাছে অপরাধী মনে হয়, যখন সময় ছিল, তখন আমরা বঙ্গবন্ধুর কথা ভাবিনি।’১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার জন্মদিন পালনের তীব্র সমালোচনা করে সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, বিরোধীদলীয় নেত্রী ১৫ আগস্ট নকল জন্মদিন পালন করেন। মানুষ এই জন্মদিনকে ঘৃণা করে।আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জাতির পিতা, তা সংবিধানের তিন ও চার অনুচ্ছেদে সুস্পষ্টভাবে সন্নিবেশিত করা হবে। এ ছাড়া সরকার থাকুক বা না থাকুক, সবার ওপরে বঙ্গবন্ধুর ছবি রাখার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটিতে আলোচনা হয়েছে।আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বঙ্গবন্ধুর রাজনৈতিক ও রাষ্ট্র পরিচালনার নানা দিক তুলে ধরেন।জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, সময়ের ব্যবধানে মহাজোট দেশের সব সমস্যা সমাধান করতে পারবে।সভায় মহাদেব সাহার ‘আমি কী বলতে পেরেছিলাম’ কবিতাটি আবৃত্তি করেন সাংসদ আসাদুজ্জামান নূর। সভার শুরুতে ১৫ আগস্টে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।আলোচনা সভায় আরও বক্তব্য দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ভূমিমন্ত্রী রেজাউল করিম, আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম, মাহবুব উল আলম হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী প্রমুখ।পটুয়াখালীতে তৃতীয় সমুদ্রবন্দর করার পরিকল্পনা হচ্ছে: বার্তা সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) সভাপতি আবদুস সালামের নেতৃত্বে ৪১ সদস্যের প্রতিনিধিদল। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করতে পটুয়াখালীতে দেশের তৃতীয় সমুদ্রবন্দর গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি মংলা সমুদ্রবন্দরেরও আধুনিকায়ন করা হবে।বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দরের মাধ্যমে শুধু বাংলাদেশে নয়; চীন, ভারতসহ অন্য প্রতিবেশী দেশগুলোও সহায়তা পাবে। প্রতিবেশী দেশগুলোকে সমুদ্রবন্দর ব্যবহার করতে দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হবে।প্রধানমন্ত্রী পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি ব্যবসায়ী নেতাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার আশ্বাস দেন। সরকার বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে কাজ করে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই সংকটের জন্য বিগত বিএনপি-জামায়াত সরকার দায়ী। চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করাসহ বন্দরনগরের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।বৈঠকে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।