ব্যক্তিগত লোভ-লালসার জন্য রাজনীতি করি না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ব্যক্তিগত লোভ-লালসার জন্য রাজনীতি করি না। জাতির পিতার আদর্শ নিয়ে রাজনীতি করি। আমার সব সময় মনে হতো জাতির পিতার হত্যার বিচার না হলে এই দেশ অভিশাপ মুক্ত হবে না। তাই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এবং বাধা-বিপত্তি অতিক্রম করে আমরা এই হত্যার বিচার করেছি। দেশকে অভিশাপমুক্ত করেছি।’বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শোক দিবসের আলোচনা সভায় আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, যারা বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে, উত্সাহ যুগিয়েছে তারা কখনো বাংলাদেশের উন্নতি চায় না। এই চক্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখবে। তবে যত বাধা-বিপত্তিই আসুক, তা মোকাবিলা করে অর্থনৈতিক মুক্তি অর্জন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা হবে। তিনি বলেন, পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্যই ১৯৭১ সালের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। শেখ হাসিনা বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যার জবাব দেওয়া হবে। এ জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।সভায় স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ভূমিমন্ত্রী রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।