ব্যক্তিগত স্বার্থ পরিহার করুন, দেশের স্বার্থে কাজ করুন: রফিক-উল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত স্বার্থ পরিহার করে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের স্বার্থে কাজ করতে দুই নেত্রীর (শেখ হাসিনা ও খালেদা জিয়া) প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘পঞ্চদশ সংশোধনী ও বর্তমান রাজনীতি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।দুই নেত্রীকে উদ্দেশ করে রফিক-উল হক বলেন, ‘দুজনে এমন ব্যবহার করেন যেন সতিন মনে হয়। তাঁরা একে অপরের সঙ্গে কথা বলেন না। নিমন্ত্রণ করলে যান না। সতিনের মতো না করে বন্ধুর মতো আচরণ করুন। কীভাবে দেশটাকে টিকিয়ে রাখা যায় সেই চেষ্টা করুন।’প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল, সাংবাদিক মিজানুর রহমান খান ও নুরুল কবির এবং সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ, আইনজীবী সারাহ হোসেন প্রমুখ।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহ্দীন মালিক।