হাইকোর্ট আদালত অবমাননার মামলায় নির্বাচন কমিশনার ছহুল হোসাইনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। একই সঙ্গে এ-সংক্রান্ত রুলের ওপর ১০ অক্টোবর শুনানির দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আজ হাইকোর্টে তাঁর হাজির হওয়ার কথা থাকলেও তিনি হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে একটি আবেদন করেন।গত ৩০ সেপ্টেম্বর সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের করা আদালত অবমাননা মামলায় হাইকোর্ট ছহুল হোসাইনকে ৭ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। ছহুল হোসাইন এ ব্যাপারে গত সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন।পরে জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম গত মঙ্গলবার আবেদনটি চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করেন।