ব্যক্তিমালিকানায় পত্রিকা প্রকাশ করা যাবে মিয়ানমারে
১৯৬৪ সালের পর এই প্রথমবারের মতো দৈনিক পত্রিকা চালু হতে যাচ্ছে মিয়ানমারে। আগামী বছরের এপ্রিল মাস থেকে দেশটিতে পত্রিকার মুদ্রণ শুরু করা যাবে। মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজ শুক্রবার এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ইউএনবি জানায়, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে মিয়ানমারের নাগরিকেরা যেকোনো ভাষায় দৈনিক পত্রিকা প্রকাশের জন্য আবেদন করতে পারবেন। তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদন পাওয়া পত্রিকাগুলো এপ্রিলের ১ তারিখ থেকে মুদ্রণ শুরু করতে পারবে।সামরিক শাসনের অধীনে থাকা মিয়ানমারে মতপ্রকাশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে সাম্প্রতিক পদক্ষেপের অংশ হিসেবে ব্যক্তিমালিকানায় এ পত্রিকাগুলো প্রকাশিত হবে।গত বছর প্রেসিডেন্ট থেইন সেইন দায়িত্ব নেওয়ার পর দেশটিতে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম শুরু করেন। এর অংশ হিসেবে দৈনিক পত্রিকা চালুর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটিশ উপনিবেশের অধীনে থাকার সময় তত্কালীন ‘বার্মা’তে ব্যক্তিমালিকানায় প্রচুর দৈনিক পত্রিকা প্রকাশিত হতো। তবে ১৯৬৪ সালে স্বৈরশাসক নে উইন সব ব্যক্তিমালিকানাধীন ব্যবসা জাতীয়করণ করলে দৈনিক পত্রিকার প্রকাশনাও বন্ধ হয়ে যায়।