ব্যক্তির করমুক্ত আয়সীমা এক লাখ ৮০ হাজার টাকা
২০১১-১২ অর্থবছরে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা এক লাখ ৮০ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে যে বাজেট উপস্থাপন করেছেন, তাতে এ প্রস্তাব করেন তিনি।বর্তমান অর্থবছরে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা এক লাখ ৬৫ হাজার টাকা রয়েছে। কয়েক বছর ধরেই এই করমুক্ত আয়ের সীমা একই রাখা হয়েছে। কিন্তু এবার মূল্যস্ফীতির হার এপ্রিল মাসভিত্তিক তথ্যে ১০ দশমিক ৬৭ শতাংশে পৌঁছেছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে অর্থমন্ত্রী ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়িয়েছেন বলে মনে করা হচ্ছে।প্রস্তাবিত বাজেট অনুসারে এক লাখ ৮০ হাজার এক টাকা থেকে চার লাখ ৮০ হাজার পর্যন্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে। চার লাখ ৮০ হাজার এক টাকা থেকে আট লাখ ৮০ হাজার পর্যন্ত টাকায় ১৫ শতাংশ হারে কর ধার্যের প্রস্তাব করা হয়েছে।আট লাখ ৮০ হাজার এক টাকা থেকে ১১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত ২০ শতাংশ হারে কর প্রস্তাব করা হয়েছে। ১১ লাখ ৮০ হাজার টাকার বেশি আয়ের ক্ষেত্রে ২৫ শতাংশ হারে কর ধার্যের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।