ফরিদপুর শহরের রবিদাশপল্লিতে ১১ শতাংশ জমির ওপর পাঁচ দশক ধরে বসবাস করে আসছে হিন্দু ঋষি সম্প্রদায়। ২ অক্টোবর এই সম্প্রদায়ের ১৩টি পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করে ওই জমি দখল করে নেন প্রবীর মজুমদার। আর তাঁকে এ কাজে খোদ জেলা প্রশাসন সহায়তা করে বলে অভিযোগ রয়েছে।স্থানীয় সূত্রগুলো জানায়, এই প্রবীর মজুমদার প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের হস্তরেখা গণনা করেন। তাঁর দেওয়া আংটি পরেন মন্ত্রীর বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও। আর এই প্রভাবের কারণেই স্থানীয় প্রশাসনকে প্রবীর মজুমদার জমি দখলের কাজে ব্যবহার করতে পেরেছেন বলে অভিযোগ আছে।প্রবাসীকল্যাণমন্ত্রী স্বীকার করেন, প্রবীর তাঁর হাত দেখেছেন। তবে রবিদাশপল্লির বাসিন্দাদের উচ্ছেদের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, ‘ওটা ব্যক্তিগত সম্পত্তি। তবে আমি জেলা প্রশাসককে বলেছি ওদের পুনর্বাসন করার জন্য।’অনুসন্ধানে জানা গেছে, পাঁচ দশক আগে সরকার ওই জমি বসবাসের জন্য ঋষি সম্প্রদায়কে দেয়। প্রায় আড়াই কোটি টাকা মূল্যের জমিটির প্রতি নজর পড়ে প্রবীর মজুমদারদের। এ নিয়ে আদালাতে মামলাও চলছে। এর মধ্যে গত মাসে ফরিদপুরের এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) শাহরিয়ার মতিন সাত দিনের মধ্যে ওই বসতি থেকে সরে যেতে ঋষি সম্প্রদায়কে নোটিশ দেন। জেলা প্রশাসনের এই নোটিশের বিরুদ্ধে আদালতে যায় ঋষিরা। আদালত এ ব্যাপারে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন। কিন্তু এর আগেই ২ অক্টোবর রবিদাশপল্লিতে উচ্ছেদ অভিযান চালানো হয়।রবিদাশপল্লির পক্ষে মামলা পরিচালনা করতেন সেখানকার বাসিন্দা শংকর রবিদাশ। কিন্তু উচ্ছেদের দিন সকাল ১০টার দিকে পুলিশ প্রথমেই শংকর রবিদাশকে ধরে নিয়ে যায়। এরপর গাঁজা রাখার অভিযোগ এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন এনডিসি শাহরিয়ার মতিন। এর ঘণ্টা খানেক পর এনডিসির উপস্থিতিতে ওই পল্লিতে উচ্ছেদ অভিযান শুরু হয়।রবিদাশপল্লির বাসিন্দাদের অভিযোগ, শংকরকে সাজা দেওয়াটা ছিল পুর্বপরিকল্পিত। কেননা, শংকরের কাছেই ছিল মামলার সব কাগজপত্র।ব্যক্তিস্বার্থে এই উচ্ছেদ ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, ওই দিন প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিল। তারাই শংকরকে শাস্তি দেয়। আর এনডিসি ঘটনাচক্রে ওই সময়ে ররিদাশপল্লির সামনে দিয়ে যাচ্ছিলেন। অনেক লোকজন দেখে তিনি সেখানে দাঁড়ান। কিছুক্ষণ পরে চলে আসেন।তবে জেলা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, জেলা প্রশাসনের চাওয়ার পরিপ্রেক্ষিতে ওই দিন সেখানে পুলিশ গিয়েছিল। তবে জমি দখলের কথা জানলে পুলিশ পাঠানো হতো না।স্থানীয় সূত্রগুলো জানায়, বর্তমান সরকারের আমলে ফরিদপুরের আওয়ামী লীগের নেতারা এমন অনেক ব্যক্তিস্বার্থে প্রশাসনকে ব্যবহার করেছেন। আর এ ক্ষেত্রে জেলা প্রশাসক হেলালুদ্দীন ও কোতোয়ালি থানার সদ্য অন্যত্র বদলি হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীর বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে।প্রবাসীকল্যাণমন্ত্রীর ভাই ও ফরিদপুর আওয়ামী লীগের প্রধান নিয়ন্ত্রক মোহতেশাম হোসেন প্রথম আলোর কাছে স্বীকার করেন, প্রশাসনের সঙ্গে তাঁদের চমৎকার সম্পর্ক রয়েছে। তাঁরা সব সময় পুলিশ ও প্রশাসনের সহায়তা পান।এর আগে গত ২৮ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেছিলেন, ‘ফরিদপুরের জেলা প্রশাসক সর্বকালের সর্বশ্রেষ্ঠ।’নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী নেতা বলেন, প্রবাসীকল্যাণমন্ত্রী, তাঁর ভাই ও ঘনিষ্ঠদের অনুগত হওয়ার কারণে হেলালুদ্দীন প্রায় চার বছর ধরে ফরিদপুরে আছেন। যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পাওয়ার পরও তাঁকে ফরিদপুর থেকে সরানো হয়নি। অথচ জেলা প্রশাসক পদটি উপসচিব পদমর্যাদার।জানতে চাইলে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জেলা প্রশাসককে দিয়ে আমি কোনো কাজ করাই না। প্রয়োজনও হয় না। সে একজন ভালো জেলা প্রশাসক।’আইন অনুযায়ী, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা অর্পিত সম্পত্তি কাউকে হস্তান্তর করার সুযোগ নেই। অথচ জেলা প্রশাসক হেলালুদ্দীন শহরের ঝিলটুলীতে অর্পিত সম্পত্তি ইজারা দিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ এইচ এম ফুয়াদকে।জেলা প্রশাসকের দাবি, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা বা আওয়ামী লীগের লোক হিসেবে নয়, রাজস্ব বাড়াতে ওই জমি ইজারা দেওয়া হয়েছে। এতে আইন লঙ্ঘন করা হয়নি।শিল্পগোষ্ঠী করিম গ্রুপ জুট মিল করার জন্য ফরিদপুরের বাখুণ্ডা নামক স্থানে জমি পছন্দ করে। কিন্তু মালিকদের অনেকেই জমি বিক্রি করতে অস্বীকৃতি জানান। অভিযোগ রয়েছে, করিম গ্রুপের সহায়তায় জেলা প্রশাসন ওই এলাকার জমিতে লাল নিশান টাঙিয়ে দেয়। প্রচার করা হয়, এসব জমি অধিগ্রহণ করা হবে। সরকার অধিগ্রহণ করলে দাম কম পাওয়া যাবে, এই আশঙ্কায় স্থানীয় লোকজন করিম গ্রুপের কাছে জমি বিক্রি করে দেয়। পদ্মা নদী থেকে বালু তুলে (ড্রেজিং করে) ওই জমি ভরাট করা হয়।এ বিষয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, জেলা প্রশাসক যদি জমি পাওয়ার ক্ষেত্রেও এই সহায়তা করে থাকেন, তা হলে ভালো করেছেন। তাঁর মতে, ‘দু-চারজনের নামে জমি থাকার চেয়ে যদি শিল্প স্থাপন করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়, সেটা বেশি ভালো।’অবশ্য জেলা প্রশাসক লাল নিশান টাঙানোর সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘যত দূর জানি, জমির মালিকেরা বেশি দাম পেয়ে জমি বিক্রি করেছেন।’পত্রিকার প্রকাশনা বাতিল: ফরিদপুর থেকে প্রকাশিত দুটি পত্রিকার প্রকাশনা বাতিল করেছেন জেলা প্রশাসক হেলালুদ্দীন। এর মধ্যে দৈনিক সূর্যের কিরণ-এর প্রকাশনা বাতিলের কারণ হিসেবে আদেশে বলা হয়, প্রধানমন্ত্রী ও তাঁর আত্মীয়ের বিরুদ্ধে ২০১০ সালের ২৫ মে প্রকাশ করা সংবাদটি অসুন্দর, অশ্লীল ও মানহানিকর।আর জেলা প্রশাসকের ছেলের বিরুদ্ধে পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনসংক্রান্ত সংবাদ প্রকাশ করায় গণসংহতি নামে অপর একটি পত্রিকার প্রকাশনা বাতিল করা হয় বলে অভিযোগ আছে। তবে জেলা প্রশাসক বলেছেন, পত্রিকাটির প্রকাশনা নিয়মিত ছিল না, এ জন্য আইন অনুযায়ী প্রকাশনা বাতিল করা হয়েছে।