ব্যক্তিস্বার্থের হরতালে মানুষ সাড়া দেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াত ও ধর্মভিত্তিক দলগুলোর ডাকা হরতালের সঙ্গে জনগণের দাবিদাওয়া বা স্বার্থসংশ্লিষ্টতা নেই বলে মনে করে সরকারি দল আওয়ামী লীগ।সরকারি দলের নীতিনির্ধারকদের মত, শুধু দলীয় ও ব্যক্তিস্বার্থে জনগণের ওপর টানা হরতাল চাপিয়ে দেওয়া হয়েছে। এতে জনগণ সাড়া দেবে না। তবে এসব কর্মসূচি রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার দুর্নীতিবাজ দুই ছেলেকে রাজনীতিতে প্রতিষ্ঠা করা এবং যুদ্ধাপরাধীদের রক্ষা করতেই এ হরতাল ডাকা হয়েছে। এ কর্মসূচির সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, বিরোধীদলীয় চিফ হুইপের লাঞ্ছিত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করেছেন। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষী ব্যক্তিদের বিচার হবে। কিন্তু জোট আমলে আওয়ামী লীগের একাধিক সাংসদ পুলিশি নির্যাতনের শিকার হলেও তৎকালীন প্রধানমন্ত্রী কখনো দুঃখ প্রকাশ করেননি; বরং ২১ আগস্টের গ্রেনেড হামলায় দায়ী পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধ ও বৃহস্পতি এবং রবি ও সোমবারের হরতাল বিএনপি-জামায়াত এবং ধর্মভিত্তিক দলগুলো আলোচনা করে ডেকেছে। তারা প্রকাশ্যে সংবিধান সংশোধন এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হরতাল ডাকার কথা বললেও ভেতরে তাদের ভিন্ন মতলব। সরকারি দলের নেতারা মনে করেন, বিএনপি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো কেমন হবে বা এ সরকারে কারা থাকবে, তা নিয়ে তারা প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিত। নতুন কোনো প্রস্তাব নিয়ে তারা আসত। কিন্তু এটা না করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার নামে হরতাল ডাকা হয়েছে মূলত তারেক ও কোকোকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠার জন্য।অন্যদিকে সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি, ইসলামকে রাষ্ট্রধর্ম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বহাল রাখার পরও কতগুলো ধর্মভিত্তিক দলের হরতাল আহ্বানকে অযৌক্তিক বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা। তাঁদের মতে, অন্য কোনো দাবি নয়, শুধু যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্যই তাদের এ কর্মসূচি। এ ব্যাপারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এ হরতাল অযৌক্তিক। খালেদা জিয়ার দুই ছেলেকে রক্ষার জন্যই হরতাল দেওয়া হয়েছে। এর সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই।