ব্যতিক্রমী প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রপ্তানি আয়ের প্রধান উত্স পোশাকশিল্প। কিন্তু যাঁদের শ্রমে গড়ে উঠেছে এই শিল্প খাত, সেই লাখ লাখ শ্রমিক রয়েছেন চরম অনিশ্চয়তায়। ২৪ নভেম্বর রাতে ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে শতাধিক পোশাকশ্রমিকের। সরকারি হিসাবে এই সংখ্যা ১১১। এ ধরনের প্রাণহানি বন্ধে এক ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে ম্যাজিক মুভমেন্ট। রাজধানী ঢাকার কারওয়ান বাজারে আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ভবনের সামনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে সামাজিক প্রচারমাধ্যম ফেইসবুকভিত্তিক সংগঠন ম্যাজিক মুভমেন্ট। নিশ্চিন্তপুরের ১১১টি লাশের আদলে সংগঠনের ১১১ জন সদস্য বিজিএমইএ ভবনের সামনে সাদা কাপড়ে পুরো শরীর ঢেকে মাটিতে শুয়ে ওই ঘটনার প্রতিবাদ জানান। আর প্রতীকী মরদেহের পেছনে নানা স্লোগান লেখা পোস্টার নিয়ে দাঁড়ান ম্যাজিক মুভমেন্টের সদস্যরা। পোস্টারগুলোয় লেখা ছিল: ‘ব্যবসা মানে মুনাফা নয়’, ‘নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসের ভবনে থাকা ২৫ জন শিশু কোথায় গেল’, ‘মাসে ৪০ ডলারের চাইতে একটি প্রাণের মূল্য অনেক বেশি’ প্রভৃতি। ম্যাজিক মুভমেন্টের সদস্য মেহবুব আলম বলেন, ‘আমরা কেবল নিশ্চিন্তপুর নয়, পোশাক কারখানায় এই নৃশংস প্রাণ হারানোর ঘটনার আর পুনরাবৃত্তি চাই না।’ পোশাক কারখানার শ্রমিকদের এভাবে প্রাণ হারানোর ঘটনাকে হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করে ম্যাজিক মুভমেন্টের অন্য সদস্যরা আরও বলেন, প্রতিবছরই এ দেশের বিভিন্ন পোশাক কারখানায় আগুনে পুড়ে মারা যাচ্ছেন অনেক শ্রমিক। এ ধরনের হত্যা চিরতরে বন্ধ করা এবং আগের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত হোক।