ব্যতিক্রমী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের ১০ জন শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে দিয়েছিল। তাদের কেউ গার্মেন্টস কারখানায় কাজে গিয়েছিল, কেউ নিজের গৃহস্থালির কাজের দায়িত্ব নিয়েছিল। বেশ কয়েক বছর পর তারা আবার বিদ্যালয়ে ফিরে এসেছে। কেউ কেউ এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে। অনেক বাধা ডিঙিয়ে বিদ্যালয়ে ফেরা এই শিক্ষার্থীদের গত ৩০ এপ্রিল সংবর্ধনা দিয়েছে রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা গ্রামের যুবকেরা।নওটিকা-আরিফপুর রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি নূরুজ্জামান সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহদৌলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আলী মুহ. হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও প্রথম আলোর বাঘা বন্ধুসভার সভাপতি জান্নাতুল ফেরদৌস, শিক্ষক মোহাম্মদ আলী, কবিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে নওটিকা গ্রামের যুবকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন জুবায়ের আল মাহমুদ। ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে এনামুল হক তিন বছর গার্মেন্টস কারখানায় কাজ করে বিদ্যালয়ে ফিরে এসেছে। এবার সে দশম শ্রেণীতে পড়ছে। মনিরুল ইসলাম ছয় বছর ঢাকার একটি হোটেলে কাজ করে এসে এবার বিদ্যালয়ে ভর্তি হয়েছে।