ব্যবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডনি টেস্ট দুহাত ভরে দিয়েছে মাইকেল ক্লার্ককে। অনেক অতৃপ্তি ঘুচেছে তাঁর, হয়েছে নতুন রেকর্ড। সিডনি টেস্টের আগে খেলে ফেলেছিলেন ৭৭টি টেস্ট। শৈল্পিক ব্যাটিংয়ের পসরায় অনেক ইনিংসই সাজিয়েছিলেন, পাচ্ছিলেন না শুধু ডাবল সেঞ্চুরির দেখা। এবার ভারতের বিপক্ষে শুধু ডাবল সেঞ্চুরিই করলেন না, ইনিংসটিকে টেনে নিয়ে গেলেন ৩২৯* রানে। ইনিংস ঘোষণা না করলে কে জানে, হয়তো ব্রায়ান লারাকে (৪০০*) ছাড়িয়ে লেখাতে পারতেন নতুন ইতিহাস।অপরাজিত ৩২৯-এর আগে ক্লার্কের সর্বোচ্চ টেস্ট সংগ্রহ ছিল ১৬৮। যা করেছিলেন ২০১০ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে। তাঁর সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের ব্যবধান ১৬১ রান। টেস্টে কোনো ব্যাটসম্যানের সেরা দুই ইনিংসের পার্থক্য এর চেয়ে বেশি রানের আছে মাত্র চারটি।অপরাজিত ট্রিপল সেঞ্চুরির পথে ক্লার্ক ভেঙেছেন অনেকগুলো রেকর্ড। যার একটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সর্বোচ্চ রান। ১৯০৩ সালে এখানে অভিষেক টেস্টেই ২৮৭ রান করেছিলেন ইংল্যান্ডের রেজিনাল্ড ‘টিপ’ ফস্টার। টেস্ট অভিষেকে সর্বোচ্চ ইনিংস হিসেবে রেকর্ডটি টিকে আছে এখনো। ফস্টার আর কখনোই সেঞ্চুরির দেখা পাননি। আসলে নিজের দ্বিতীয় সেরা ইনিংসটির দেখা তিনি পান ক্যারিয়ারের শেষ টেস্টে। ১৯০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে ৫১ করেছিলেন ফস্টার। সেরা দুই ইনিংসের পার্থক্য ২৩৬। সেরা দুই ইনিংসের পার্থক্যে ফস্টারই আছেন সবার ওপরে।তালিকার দুইয়ে ম্যাথু হেইডেন। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সে সময়ের বিশ্ব রেকর্ড ৩৮০ করেছিলেন অস্ট্রেলীয় ওপেনার। তাঁর দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি সর্বোচ্চ ইনিংসের চেয়ে ১৭৭ রান কম। ভারতের বিপক্ষে ২০০১ সালে ২০৩ রান করেছিলেন হেইডেন।টেস্ট ক্রিকেটের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান অ্যান্ডি স্যান্ডহাম আছেন এই তালিকার তিনে। জীবনের শেষ টেস্টে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২৫ করেছিলেন এই ইংলিশ ব্যাটসম্যান। ওই সিরিজের প্রথম টেস্টেই খেলা ১৫২ রানের ইনিংসটি তাঁর দ্বিতীয় সেরা। দুইয়ের পার্থক্য ১৭৩ রান। ক্যারিয়ারের একমাত্র ৫০ পেরোনো ইনিংসটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়া ডেভিড ‘বাম্বল’ লয়েড তালিকার চারে। ১৯৭৪ সালে ভারতের বিপক্ষে ২১৪ করার পর ওই বছরই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯ রান তাঁর দ্বিতীয় সর্বোচ্চ। পার্থক্যটা ১৬৫ রানের। ওয়ানডেতে রেকর্ডটা ডেভ ক্যালাহানের। ১৯৯২ থেকে ২০০০ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ২৯টি ওয়ানডে খেলেছেন প্রোটিয়া এই ব্যাটসম্যান। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে করা ৪৯ রানই তাঁর দ্বিতীয় সর্বোচ্চ। আর সেরা ইনিংসটা ছিল ১৬৯ রানের, ১৯৯৪ সালে সেঞ্চুরিয়নে নিউজিল্যান্ডের বিপক্ষে। দুই ইনিংসের ব্যবধান ১২৪ রান। ক্রিকইনফো অবলম্বনে সোলায়মান পলাশ