ব্যবসা ও রাজনীতির আঁতাত ভাঙতে হবে
রাজনৈতিক ধারায় পরিবর্তন এবং ব্যবসা ও রাজনীতিকে আলাদা করা না গেলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা যাবে না।দুর্নীতি নির্মূল করার ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব নেই। কিন্তু তারাও পারছে না। কারণ, রাজনীতির সঙ্গে এখন ব্যবসা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ব্যবসা ও রাজনীতির আঁতাতের মধ্যেই রয়েছে দুর্নীতির বীজ। বিশেষ করে, উচ্চপর্যায়ের দুর্নীতি রোধ করতে হলে এই আঁতাত ভাঙা দরকার।দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান গতকাল মঙ্গলবার এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন। তিনি বলেন, দুদককে স্বাধীন ও শক্তিশালী করতে হলে বিচার-প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার অবসান সবচেয়ে জরুরি। পাশাপাশি দুদককে শক্তিশালী করতে সঠিক ও কার্যকর আইন প্রয়োজন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বর্তমান বাস্তবতা ও নাগরিক উদ্বেগ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।সংসদীয় কমিটির কাজ প্রসঙ্গে দুদকের চেয়ারম্যান বলেন, ‘কমিটি তাদের অনুসন্ধানে প্রাপ্ত তথ্য দুদকে পাঠাচ্ছে এবং দুদক নিরপেক্ষ অবস্থান থেকে তার তদন্ত করছে। ফলে সংসদীয় কমিটির কাজ লোক দেখানো, এটা আমি মনে করি না।’প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ‘দোষী কি নির্দোষ, তা প্রমাণের জন্য প্রধানমন্ত্রী বিচারিক আদালতে গিয়েছেন। তিনি হাইকোর্টের প্রতি আস্থা রাখছেন। ফলে তিনি দুদককে প্রভাবিত করছেন না। এটা দুর্নীতির বিরুদ্ধে তাঁর অঙ্গীকারের প্রমাণ।’ জনগণের সম্পৃক্ততা ছাড়া দুর্নীতি দমনের প্রয়াস সফল হবে না উল্লেখ করে দুদকের চেয়ারম্যান স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন। অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও দেশবাসী দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত হতে পারছে না বলেই আমরা উদ্বিগ্ন।’ তবে তিনি বলেন, কেবল আইন করে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি নাগরিক সক্রিয়তারও প্রয়োজন রয়েছে। রাজনৈতিক প্রক্রিয়ার সংস্কার ও ক্ষমতার বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। মোজাফ্ফর আহমদ অঙ্গীকার অনুসারে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীসহ ক্ষমতাধর ব্যক্তিদের বার্ষিক সম্পদ বিবরণী, প্রধান বিচারপতির খরচের বিবরণী পত্রিকায় প্রকাশের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান। বদিউল আলম মজুমদার বলেন, মহাজোট সরকার দুর্নীতি দমনের সুস্পষ্ট অঙ্গীকার করে ক্ষমতায় এলেও এ ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ এখনো নেয়নি। উল্টো সরকার দুদকের আইন পরিবর্তন করে প্রতিষ্ঠানটিকে দুর্বল ও অকার্যকর করার অপচেষ্টায় লিপ্ত। সংসদের পক্ষ থেকেও দুর্নীতি দূরীকরণে কোনো বলিষ্ঠ ও ফলপ্রসূ উদ্যোগ দেখা যায় না। বরং এর উল্টো ঘটনা ঘটছে। উচ্চ আদালতের আচরণেও অনেকেই উদ্বিগ্ন, যদিও হাবিবুর রহমান মোল্লার মামলায় আপিল বিভাগের রায়ে জাতি কিছুটা আশান্বিত হয়েছে। ফায়দাতন্ত্রের চর্চায় দুর্নীতির ধরন বদলে যাচ্ছে উল্লেখ করে বদিউল আলম বলেন, ক্ষমতাধর ব্যক্তিরা এখন আর চুক্তির একটি অংশ ঘুষ হিসেবে নিয়েই সন্তুষ্ট নন, তাঁরা পুরো কার্যক্রমকেই তাঁদের কর্মী, সমর্থক ও আপনজনদের মধ্যে ফায়দা প্রদানের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে বদ্ধপরিকর। ফলে কোনো কার্যক্রমই যথাযথভাবে বাস্তবায়িত হয় না। তিনি বলেন, ফায়দাতন্ত্রের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব ইত্যাদি বিস্তার লাভ করছে।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, সার্বিকভাবে দেশে দুর্নীতি কমেনি। এর প্রধান কারণ দুর্নীতি দমন কমিশনের স্থবিরতা। এটা দূর করতে সরকারের পূর্ণ সহযোগিতা প্রয়োজন।বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী বলেন, বর্তমানে উচ্চ আদালতে দুর্নীতির মামলাগুলো জট সৃষ্টি করেছে। সাবেক মন্ত্রী ও সাংসদ মহীউদ্দীন খান আলমগীর এবং হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে দায়ের করা মামলার কারণে এ জট। তবে হাবিবুর রহমান মোল্লার মামলায় আপিল বিভাগের রায়ে দেশবাসী আশাবাদী হয়ে উঠেছে। আদালত মামলাটিকে বৈধ বলে রায় দেন। ফলে দুর্নীতির মামলা বাতিলের পথ বন্ধ এবং জটে আটকে পড়া মামলাগুলো আবার সচল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানের সঞ্চালক সৈয়দ আবুল মকসুদ বলেন, কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদ সাংবিধানিক পদে পরিণত করা, সংসদীয় কমিটি বিশেষ করে সরকারি হিসাব-সম্পর্কিত কমিটিকে কার্যকর করা এবং তথ্য কমিশনের কার্যক্রম মাঠপর্যায়ে বিস্তৃত করা প্রয়োজন। সাংসদ আশরাফ আলী বলেন, ‘ঢাকা শহরে আমার একবিন্দু জমি নেই। যদি কেউ প্রমাণ করতে পারে আছে, তাহলে আমি সংসদ সদস্য পদ ছেড়ে দেব।’ তিনি বলেন, ঢাকা শহরে কার কতগুলো বাড়ি আছে, তা খুঁজে দেখলেই বেরিয়ে যাবে কে কত বেশি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন।চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী বলেন, ‘দুর্নীতি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু চেয়ে দেখা ছাড়া কিছু করার নেই। কারণ, আমাদের হাতে কোনো দায়িত্ব দেওয়া হয়নি।’ বৈঠকে আরও বক্তব্য দেন আ স ম আবদুর রব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মোস্তফা চৌধুরী, রেহানা সিদ্দিকী, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, ব্যবসায়ী আবদুল হামিদ, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ভাইস চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী প্রমুখ। তাঁরা দুর্নীতি নির্মূলের জন্য যথাযথ আইনি-কাঠামো, কার্যকর প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিরোধ প্রয়োজন বলে উল্লেখ করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএসএম শাহজাহান।