ব্যবসা নয় শিক্ষাসেবা
‘শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া চা-বাগান-হাওরাঞ্চলের দরিদ্র পরিবারের সন্তান এবং হোটেল-শ্রমিকদের সন্তানদের আমাদের কোচিং সেন্টারে কোনো ধরনের ফি ছাড়াই পড়ানো হয়। কোনো দরিদ্র শিক্ষক কিংবা মুক্তিযোদ্ধার সন্তান তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। শুধু ব্যবসা নয়, এটি যে একটি মহৎ পেশা সেটা নিয়ে আমরা একেবারেই সচেতন। তাই সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আমরা সব সময় আন্তরিকভাবে কাজ করি।’ নিজের প্রতিষ্ঠান প্রয়াস কোচিং হোম নিয়ে এভাবেই গর্ব করে বলছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক সুরনজিত তালুকদার। প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ২০০৮ সালে ‘একটি শিক্ষাসেবামূলক প্রতিষ্ঠান’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত হয় প্রয়াস কোচিং হোম। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত শতাধিক দরিদ্র মেধাবী শিক্ষার্থী বিনা বেতনে পড়াশোনার সুযোগ পেয়েছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির ৩০০ শিক্ষার্থীর মধ্যে দরিদ্র অথচ মেধাবী এ ধরনের ১৫ জন শিক্ষার্থী বিনা বেতনে পড়ছেন। এ প্রতিষ্ঠানটির ২১৫ জন শিক্ষার্থী ২০০৯ সালের মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখা থেকে অংশ নিয়ে সবাই উর্ত্তীর্ণ হন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৫৭ জন শিক্ষার্থী। শিক্ষা-বাণিজ্যের ডামাডোলে খানিক ভিন্নতা পাওয়া গেল এখানে। প্রয়াস মূলত শিক্ষাসেবাধর্মী প্রতিষ্ঠান। মূল বাণীটুকুর প্রচারে প্রতিষ্ঠাতা সুরনজিত তালুকদার জানান, গত বছর প্রথম আলোয় অদম্য মেধাবী হিসেবে সংবর্ধনা পাওয়া আদিবাসী শিক্ষার্থী মিন্টু দেশোয়ারার দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ‘প্রতিবছর আমরা মেধাবীদের নিয়ে সম্মিলনও করি। এতে শুধু ব্যবসায়িক নয়, মেধার বিকাশও ঘটে।’