ব্যবসা প্রশাসন অনুষদে শিক্ষার্থীদের তালা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন অনুষদে আজ মঙ্গলবার সকালে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। অনুষদের ডিন নজরুল ইসলামের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা তালা দেন। নজরুল অনুষদের একমাত্র বিভাগ ব্যবসা প্রশাসনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে শিক্ষাভবন ‘ই’-র সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা নজরুল ইসলামের দুই কার্যালয় ডিন ও বিভাগীয় প্রধানের কক্ষ এবং শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেন। এতে আজ ওই অনুষদে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।এর আগে গত রোববার সেমিস্টার পরীক্ষা দেরিতে হওয়া, অর্থ আত্মসাত্, দুর্নীতি, দুর্ব্যবহার, অসৌজন্যমূলক আচরণসহ ১০টি অভিযোগ এনে শিক্ষার্থীরা নজরুল ইসলামের অপসারণের দাবি করে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। একই দাবিতে তাঁরা গতকাল সোমবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন। এ বিষয়ে নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি কোনো অবৈধ কাজ করিনি। এর পরও শিক্ষার্থীরা অযৌক্তিকভাবে আন্দোলন করছে। আমি মনে করি, এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে।’