ব্যবসা-বাণিজ্যকে বিভেদের রাজনীতির বাইরে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষপর্যায়ের শিল্পপতি ও ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেছেন, দেশের রাজনীতি দিনদিন সংঘাতপূর্ণ ও অনিশ্চিত হয়ে উঠছে। গণতন্ত্রের প্রতি রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতার অভাবের কারণেই এমনটি ঘটছে। এতে ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতিরই শুধু ক্ষতি হচ্ছে না, সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে দেশের ভাবমূর্তির। ব্যবসায়ীরা বলেন, বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় দেশ হিসেবে বিবেচনা করা হলেও সে তুলনায় বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না। পাকিস্তানের মতো অস্থিতিশীল একটি দেশে মাথাপিছু সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) যেখানে ৩২ ডলার, বাংলাদেশে তা মাত্র সাত ডলার। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ: পরবর্তী বিনিয়োগ গন্তব্য’ শীর্ষক উচ্চপর্যায়ের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এতে প্রধান অতিথি এবং শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘ সদর দপ্তরের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা বিভাগের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল জমো কে সুন্দরম। নির্ধারিত আলোচক ছিলেন বাংলাদেশের সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, এ কে খান অ্যান্ড কোম্পানির এমডি সালাউদ্দিন কাশেম খান, গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওডভার হেশজেদাল, ভারতের এসআরএফ লিমিটেডের এমডি আশীষ ভারত রাম এবং ডেনমার্কের হালদর টপসোয়ের ভাইস প্রেসিডেন্ট উলরিক ফেডারস্পিয়েল। মুক্ত আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান, সাবেক মন্ত্রী মাইদুল ইসলাম, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) সভাপতি ফারুক সোবহান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান, সাবেক সচিব সুহেল আহমেদ চৌধুরী প্রমুখ। সভা পরিচালনা করেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। আর স্বাগত বক্তব্য দেন এমসিসিআইয়ের সভাপতি এম আনিস উদ দৌলা।মূল প্রবন্ধে বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের দিক থেকে উত্তর-পূর্ব এশিয়ার দেশগুলোর তুলনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো পিছিয়ে রয়েছে। উন্নত দেশগুলো এই দেশগুলোতে বিনিয়োগে এগিয়ে আসতে পারে। তার আগে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশগুলোরও উচিত, তাদের আর্থিক খাতের সংস্কার কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া। পাশাপাশি এগিয়ে নিতে হবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংস্কার কার্যক্রমকেও। এফডিআইয়ের জন্য শিল্পের সুনির্দিষ্ট খাত চিহ্নিত করার পরামর্শ দিয়ে প্রবন্ধে বলা হয়, বিনিয়োগের জন্য নতুন জায়গা হতে পারে বাংলাদেশ। বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির নেতৃত্ব দিচ্ছে স্থানীয় বিনিয়োগ। এফডিআইয়ের পরিমাণ খুবই কম। স্থানীয় বিনিয়োগের পেছন পেছন যাচ্ছে এফডিআই। জমো কে সুন্দরম বলেন, এফডিআইয়ের ফলে পুঁজির প্রবাহ, ব্যবস্থাপনা, প্রযুক্তি ও পণ্যের বাজার তৈরি হয়। বাংলাদেশের জন্য প্রকৃতপক্ষেই এফডিআইয়ের দরকার কতটুকু তা-ও ভাবার বিষয়। এমসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা ঠিকই বলেছে, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন অত্যন্ত আকর্ষণীয় দেশ। বিদেশি বিনিয়োগের জন্য অনেক সুবিধার দ্বারও উন্মুক্ত করেছে বাংলাদেশ। তারপরও এফডিআইয়ের পরিমাণ মাথাপিছু মাত্র সাত ডলার। যেখানে ভারতে ৩১ ডলার এবং নানা অস্থিরতা থাকা সত্ত্বেও পাকিস্তানের মতো দেশে তা ৩২ ডলার।এফডিআই কম আসার প্রধান কয়েকটি কারণ চিহ্নিত করেছে এমসিসিআই। এগুলো হলো সুশাসনের অভাব, প্রশাসনিক ঘুষ-দুর্নীতি, দুর্বল অবকাঠামো এবং অকার্যকর নীতিকাঠামো। গ্যাস-বিদ্যুতের অপর্যাপ্ততা থাকলেও সরকার তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। দেশের আমলাদের উদার মানসিকতার এবং নীতিনির্ধারকদের সংস্কার মানসিকতার উল্লেখ করে এমসিসিআইয়ের সভাপতি এম আনিস উদ দৌলা বলেন, ‘অগ্রাধিকার খাতগুলোতে এফডিআই এলে দেশীয় অর্থ প্রবাহের সংকট কেটে যায়, বাড়ে উৎপাদনশীলতা এবং কর্মসংস্থান। বিদেশি বিনিয়োগকে তাই আমরা স্বাগত জানাই।’মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বমন্দার আঁচ লাগেনি। বিশ্বের স্বনামধন্য বিভিন্ন জরিপে বাংলাদেশের অর্থনীতির অভ্যন্তরীণ শক্তির ইতিবাচক দিক উঠে এসেছে। তবে দেশটির অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুৎ খাত সত্যিই অনেক পিছিয়ে। প্রযুক্তি খাতের অবস্থাও তত ভালো নয়। এসব খাতে বিদেশি বিনিয়োগ কাম্য। বিদেশি বিনিয়োগ আসা এবং তা রক্ষার ব্যাপারে সরকার যত্নশীল। দিলীপ বড়ুয়া বলেন, বাংলাদেশ অফুরন্ত সুযোগ ও সম্ভাবনার দেশ। সস্তা শ্রমশক্তি, বড় অভ্যন্তরীণ বাজার, উঠতি মধ্যবিত্ত শ্রেণী, শিল্পবান্ধব রাজনৈতিক ইচ্ছা এবং চাহিদা পরিচালিত জাতীয় শিল্পনীতি এ দেশে শিল্পায়নের নতুন সুযোগ তৈরি করে দিয়েছে।রেহমান সোবহান বলেন, দেশে বিদ্যমান বিনিয়োগ-নীতির দুর্বলতা রয়েছে। বিনিয়োগের জন্য দরকার বিনিয়োগবান্ধব শিল্পনীতি। বাংলাদেশের শিল্পনীতিটি কীভাবে কার্যকর হবে, সেটাই হলো বড় চ্যালেঞ্জ। রেহমান সোবহান বলেন, দেশে অনেক বিনিয়োগকারী রয়েছেন। অভ্যন্তরীণ বাজারটি যেহেতু মোটামুটি বড়, সুতরাং অভ্যন্তরীণ বিনিয়োগেরও বড় সুযোগ রয়েছে। অথচ সঞ্চয়ের অর্থ যাচ্ছে শেয়ারবাজারে। হাজার কোটি টাকার প্রবাসী-আয়কেও (রেমিট্যান্স) কাজে লাগানো যাচ্ছে না। রেমিট্যান্স ব্যয় হচ্ছে ভোগবিলাস ও আবাসন খাতে। কয়লানীতি প্রসঙ্গে রেহমান সোবহান বলেন, ১৫ বছর ধরেই বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। এ ক্ষেত্রে ভারতের উদাহরণ কাজে লাগানো যেতে পারে। ভারত কয়লা উত্তোলনের জন্য ক্ষতিগ্রস্তদের ২৫ শতাংশ মালিকানা দিয়েছে।এম কে আনোয়ার বলেন, স্থানীয় বিনিয়োগকে এড়িয়ে এফডিআইয়ে জোর দিলে হবে না। আর প্রশ্নটি এফডিআই নিয়ে নয়। প্রশ্ন হলো বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে। অভ্যন্তরীণ বাণিজ্যের পাশাপাশি এফডিআই এলেই দীর্ঘমেয়াদে ফল পাওয়া যাবে। এফডিআই প্রবৃদ্ধিতে গত জোট সরকারের আমলে কিছু সাফল্য এসেছে। এখনো চেষ্টা চলছে এক ধরনের। মুহাম্মদ আজিজ খান বলেন, বাংলাদেশ পরবর্তী বিনিয়োগ গন্তব্যের দেশ নয়, বরং এখনই কেউ বিনিয়োগ করতে চাইলে বাংলাদেশ এখনই প্রস্তুত। তিন হাজার মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের পথে। ১০০ কোটি ঘনফুট অতিরিক্ত গ্যাসও উত্তোলনের পথে। এরই মধ্যে রপ্তানিতে বহুমুখিনতা এসেছে। দুই বছরে পাট খাতে ৬৫ ও চামড়া খাতে ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আজিজ খান আরও বলেন, এ দেশে বছরে ২০ লাখ কর্মশক্তি তৈরি হচ্ছে, যা তুলনামূলক সস্তায় পাওয়া যাবে। আর ১৯৯১ সাল থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা বিদ্যমান। কেউ বিনিয়োগ করতে চাইলে জনগণও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সুতরাং বাংলাদেশ কেন এখনই বিনিয়োগের গন্তব্য নয়—প্রশ্ন তোলেন তিনি। উলরিক ফেডারস্পিয়েল বলেন, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকেই বিশ্ব অর্থনীতি বদলে গেছে। তবে আশার আলো দেখারও সুযোগ রয়েছে। ভিয়েতনামের পর্যায় পর্যন্ত উঠে আসা বাংলাদেশের জন্য কঠিন কিছু নয়। সরকারি-বেসরকারি অংশীদারিকে (পিপিপি) দক্ষতার সঙ্গে ব্যবহার করতে হবে। গোটা বাংলাদেশেরই নগরায়ন সম্ভব বলে মনে করেন তিনি।উডভাল হেশজেডাল বলেন, বাংলাদেশের সাড়ে ছয় কোটি মানুষের হাতে এখন মোবাইল। এর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী মাত্র চার শতাংশ। এই খাতে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে এবং গ্রামীণফোন বিনিয়োগও করেছে। আশীষ ভারত রাম বলেন, ছয় শতাংশ প্রবৃদ্ধি, ভারতসহ প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক এবং বিপুলসংখ্যক যুবশক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারে। দেশটির এফডিআই প্রবৃদ্ধি আরও বেশি থাকা উচিত বলে মনে করেন তিনি। মজিবুর রহমান বলেন, স্থানীয় বিনিয়োগ ভালো অবস্থায় থাকলে বিদেশি বিনিয়োগও ভালো আসে। দেশের স্থানীয় বিনিয়োগ ভালো করতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। এফডিআইয়ে কর্মসংস্থান হলেও মুনাফা কিন্তু দেশের বাইরে চলে যায়। এই বিষয়টিও মাথায় রাখা দরকার বলে তিনি মনে করেন।