ব্যবসা ভেজাল সার, রমরমা কারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৃহত্তম সার বিপণনকেন্দ্র যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ব্যাপক হারে ভেজাল ও নকল সার তৈরি হচ্ছে। এ ছাড়া নিম্নমানের, এমনকি বিক্রয়নিষিদ্ধ সার ভালো মানের সারের নামাঙ্কিত বস্তায় ভরে বেশি দামে বিক্রি করা হচ্ছে।নওয়াপাড়ার কয়েকটি চক্র এসব ভেজাল সার তৈরি এবং বস্তা বদল করে ব্যাপক মুনাফা লুটছে। এসব সার ব্যবহার করে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি ব্যাপক ক্ষতি হচ্ছে মাটি ও ফসলের।ভেজাল, নকল সার তৈরি ও বস্তা বদল: সংশ্লিষ্ট সূত্র জানায়, সিরামিক-বর্জ্যের সঙ্গে মাটি এবং রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে নকল জিপসাম সার। সূত্রমতে, ভারত থেকে আমদানি করা এক মণ জিপসাম সার বিক্রি হয় ১৩২ থেকে ১৩৫ টাকায়, অন্যদিকে এক মণ নকল জিপসাম সারের উৎপাদন ব্যয় ৪৫ থেকে ৫০ টাকা এবং তা বিক্রি করা হয় ১৩২ থেকে ১৩৫ টাকায়।সংশ্লিষ্ট সূত্র জানায়, কিছু পরিমাণ এমওপি (মিউরেট অব পটাশ) সারের সঙ্গে বালু, লবণ ও রং মিশিয়ে ভেজাল এমওপি সার তৈরি করা হচ্ছে। এক বস্তা (৫০ কেজি) এমওপি সারের দাম ৭৫০ টাকা। ৩৫০ থেকে ৪০০ টাকা ব্যয়ে তৈরি এক বস্তা ভেজাল এমওপি সারও একই দামে বিক্রি করা হচ্ছে।সূত্র জানায়, দেখতে টিএসপির (ট্রিপল সুপার ফসফেট) মতো হওয়ায় বিক্রয়নিষিদ্ধ এফএমপি (ফিউজড ম্যাগনেশিয়াম ফসফেট) টিএসপির বস্তায় ভরে বস্তাপ্রতি এক হাজার ১০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।সূত্র জানায়, কম দামের ‘চায়না ডিএপি’ (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রি করা হচ্ছে বেশি দামের ‘চায়না ডিএপি কারগিল’ ও ‘অস্ট্রেলিয়া ডিএপি’র নামাঙ্কিত বস্তায় ভরে।সূত্র জানায়, চীনে তৈরি এক বস্তা (৫০ কেজি) ডিএপি সারের দাম এক হাজার ১৭০ থেকে এক হাজার ১৮০ টাকা, অন্যদিকে চীনে তৈরি এক বস্তা ডিএপি কারগিল সারের দাম এক হাজার ৩০০ থেকে এক হাজার ৩১০ টাকা।নাম প্রকাশে অনিচ্ছুক নওয়াপাড়ার একজন ভেজাল সার তৈরির শ্রমিক বলেন, ‘এক বস্তা এমওপি সারের সঙ্গে এক বস্তা লবণ, বালু ও রং মিশিয়ে দুই বস্তা এমওপি সার বানাতাম। লবণের দাম বেড়ে যাওয়ায় তা বাদ দিয়ে এখন বেশি করে বালু ব্যবহার করছি।’ তিনি বলেন, ‘২৫ কেজি টিএসপি ও ২৫ কেজি এফএমপি দিয়ে এক বস্তা (৫০ কেজি) টিএসপি সার বানাই। কখনো কখনো সম্পূর্ণ এফএমপি চালুনি দিয়ে ভালো করে ছেঁকে টিএসপির বস্তায় ভরে দিচ্ছি।’সার জব্দ: উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি গত ২৮ জানুয়ারি অভিযান চালিয়ে নওয়াপাড়া স্টেশনবাজার এলাকার একটি গুদাম এবং একটি পরিত্যক্ত হোটেল থেকে ৮৮২ বস্তা নকল জিপসাম জব্দ করে। এ ঘটনায় ওই রাতেই পুলিশ জামিরুল ইসলাম, মামুন শেখ ও কামাল হোসেনকে আটক করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জামিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস ওয়াহিদ আটজনকে আসামি করে ২৯ জানুয়ারি থানায় একটি মামলা করেন। আটক মামুন ও কামালকে ওই মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।চীনে তৈরি ডিএপি সার চীনে তৈরি ডিএপি কারগিল সারের বস্তায় ভরে বেশি দামে বিক্রির অভিযোগে ১৬ ফেব্রুয়ারি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবীন অধিকারীকে গ্রেপ্তার করে পুলিশ। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি এ সময় তাঁর গুদামে থাকা ৪০৬ বস্তা বদল করা ডিএপি সার জব্দ এবং গুদামটি সিলগালা করে দেয়।কৃষিবিদের বক্তব্য: অভয়নগর উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিতোষ কুমার দাস জানান, খেতে সার প্রয়োগ করার পর মাটিতে থাকা অণুজীব তা ভেঙে গাছের গ্রহণ উপযোগী করে দেয়। কিন্তু ভেজাল ও নকল সার মাটির অণুজীব নষ্ট করে ফেলে। ভেঙে দেয় মাটির গঠনপ্রণালি।সমিতি দায় নেবে না: নওয়াপাড়া সার ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন বলেন, ‘নওয়াপাড়ায় দু-একজন লোক এ ভেজাল সার তৈরি ও সারের বস্তা পাল্টিয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা করছে, অথচ বদনাম হচ্ছে গোটা মোকামের।’অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, ‘আমদানি করা অ-ইউরিয়া সার নওয়াপাড়া থেকে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যায়। এ সুযোগে নওয়াপাড়ার কিছু অসাধু ব্যক্তি ভেজাল ও নকল সার তৈরি করছে। বিক্রয়নিষিদ্ধ সারও বস্তা পাল্টিয়ে বিক্রির চেষ্টা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ামাত্রই আমরা অভিযান চালাচ্ছি। নকল ও ভেজাল সার জব্দও করা হচ্ছে।’অভয়নগর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন প্রথম আলোকে বলেন, যেকোনো মূল্যে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। ভেজাল প্রতিরোধে প্রয়োজনে র‌্যাবের সহায়তা নেওয়া হবে।অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ‘নওয়াপাড়ায় মজুদ এফএমপি সার আগে নষ্ট করা দরকার। এটা করা গেলে নওয়াপাড়ায় সারে ভেজাল অর্ধেক কমে যাবে।’ তিনি বলেন, ‘ভেজালকারীরা ধরা পড়ছে, কিন্তু দুর্বল মামলার কারণে তারা জামিনে বেরিয়ে আসছে। বেরিয়ে এসেই তারা আরও বেশি করে সারে ভেজাল দিচ্ছে। এ ব্যাপারে সবাই এগিয়ে না এলে সারে ভেজাল বন্ধ হবে না।’