ব্যবসা সচল রাখতে শক্ত অবস্থান নিন: এনবিআর চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য সচল রাখতে ব্যবসায়ীদের পক্ষ থেকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন। আজ মঙ্গলবার এনবিআরের সম্মেলনকক্ষে ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যালস এবং কম্পিউটার, আইসিটি ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনার সময় এ আহ্বান জানান এনবিআরের চেয়ারম্যান। খবর বাসসের।গোলাম হোসেন বলেন, ‘হরতাল-অবরোধসহ রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ব্যবসায়ীরা শক্ত অবস্থান নিতে পারেন। ব্যবসা বাণিজ্য এভাবে বন্ধ থাকায় ব্যবসায়ীদের পাশাপাশি রাজস্ব আয়ের ক্ষেত্রেও আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ তিনি বলেন, ‘অর্থবছরের শেষ প্রান্তিক হচ্ছে রাজস্ব আহরণের জন্য সেরা প্রান্তিক। কিন্তু চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে এসে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে আমরা সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। অথচ কোনো খাত থেকে ১ শতাংশ রাজস্ব কম আহরিত হলে সেটা মোট রাজস্ব আহরণের ক্ষেত্রে প্রায় ১১০ কোটি টাকার ঘাটতিতে পড়তে হয়।’ব্যাংকিং খাতের উদাহরণ দিয়ে এনবিআরের চেয়ারম্যান আরও বলেন, রাজস্ব আহরণের ক্ষেত্রে শেষ প্রান্তিকে এসে ব্যাংকিং খাতে যেখানে ১৫ শতাংশ প্রবৃদ্ধি থাকার কথা, সেখানে ১৫ শতাংশ নেগেটিভ প্রবৃদ্ধি দেখাচ্ছে। এবারের মতো এত বেশি বিপদে মনে হয় সরকারের রাজস্ব আদায়কারী সংস্থাটি আর পড়েনি। তবে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।এ বিষয়ে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার অপারেটস অব বাংলাদেশের সভাপতি মীর নাসির হোসেন বলেন, ‘বর্তমানে আমরা সংকটের মধ্যে পড়ে গেছি। এই সংকট থেকে উত্তরণের উপায় খুঁজতে ২৬ এপ্রিল ব্যবসায়ীরা মহাসমাবেশ করবে। এরপর আমরা সরকারের সঙ্গে আলোচনায় বসব।’ এনবিআরের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত খাতভিত্তিক এ আলোচনায় সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা তাঁদের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।