মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত কয়েক দিনে ভাগ্যকুল বাজারের ২৪টি দোকান ও বাজারের আশপাশের এলাকার বসতবাড়িসহ প্রায় অর্ধশত স্থাপনা পদ্মায় বিলীন হয়ে গেছে।ভাগ্যকুল বাজার রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাঁশের বাঁধটিও কয়েক দিনের ভাঙনে বিলীন হয়ে গেছে। ঝুঁকির মুখে আছে আরও কয়েক শ দোকান, বাড়ি, একটি প্রাথমিক বিদ্যালয়, পোস্ট অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ করেন, ভাঙন প্রতিরোধে প্রশাসন থেকে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এভাবে ভাঙতে থাকলে বাজারের অবশিষ্টাংশ শিগগির বিলীন হয়ে যেতে পারে।ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আরও জানান, কয়েক দিনের টানা ভারী বর্ষণের পর পদ্মায় এখন তীব্র স্রোত। এতে গত শনিবার থেকে ভাগ্যকুল বাজার এলাকায় ভাঙন শুরু হয়। বাজারের শাওন মীরের মুদি দোকান, আনোয়ার খাঁর চালের দোকান, দেলোয়ার শিকদারের দোকান, পরিমল আচার্যের মুদি দোকান, বিমল দাসের মুদি দোকান, মজিবরের চায়ের দোকান, ফয়জলের চায়ের দোকানসহ ২৪টি দোকান এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে। ভাগ্যকুল বাজার ছাড়াও আশপাশের কামারগাঁও, মান্দ্রা, চারিপাড়া, কবুতরখোলা গ্রামে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে মান্দ্রা গ্রামের সালাম সিকদার, মফিজ হাওলাদার, রাজা মিয়া, লক্ষ্মী ডাক্তার, তাপস শীল, রতন শীল, খবির হাওলাদারের বাড়িসহ ২০টি বাড়ি পদ্মার গর্ভে চলে গেছে।ভাগ্যকুল গ্রামে গিয়ে দেখা যায়, পদ্মা ভাঙতে ভাঙতে ভাগ্যকুল বাজারের কাছে বিশ্বনাথ দে, হারুন সারেং, কাদির সারেং ও ওহাব সারেংয়ের বাড়ির কাছে চলে এসেছে। ভাঙনের আশঙ্কায় ওইসব বাড়ির লোকজন মালামাল সরিয়ে নিচ্ছে।বিশ্বনাথ দে বলেন, ‘পদ্মা আমাগো সব শ্যাষ কইরা দিছে। আমার বসতবাড়ির বেশি অংশই বিলীন কইরা ফালাইছে। বাকি যেটুকু আছে, তা সরাইয়া নিতে হইতাছে। প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ আমরা দেখতাছি না। আমাগো সব শেষ হইয়া গেলে এরপর উদ্যোগ নিলে আর কি হইব।’ ভাগ্যকুল বাজারের ব্যবসায়ী আয়নাল হক বলেন, ভাঙন শুরু হওয়ায় ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে টাকা ব্যয় করে বাঁশের বেড়া দিয়েছিল। ভাঙনের মুখে সেই বেড়া কোনো কাজে আসছে না।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পদ্মার ভাঙন থেকে ভাগ্যকুল বাজার রক্ষায় গত বছর পানি উন্নয়ন বোর্ড ১০ লাখ টাকা খরচ করে বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ করেছিল। কয়েক দিনের ভাঙনে সে বাঁধ বিলীন হয়ে গেছে।শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল লতিফ মোল্লা প্রথম আলোকে বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শনের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে গতকাল শুক্রবার পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি।