ব্যবসাবান্ধব হলেও অর্থনীতিতে চাপ বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ২০১২-১৩ অর্থবছরের বাজেটকে আপাতদৃষ্টিতে একটি প্রবৃদ্ধি, ব্যবসা ও পুঁজিবাজারবান্ধব বাজেট বলে মন্তব্য করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।তবে সংস্থাটি বলছে, বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে বেশি ঋণ নেওয়া, অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ, সরকারি কর্মকর্তাদের ঋণ ও অগ্রিম নেওয়ার পরিমাণ বাড়ানো আগামী দিনে দেশের অর্থনীতির ওপর চাপ বাড়াবে। একই সঙ্গে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) লক্ষ্যমাত্রা অর্জিত হওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।আজ শুক্রবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে বাজেট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে এমন পর্যবেক্ষণই তুলে ধরেছেন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ।সংবাদ সম্মেলনে এ কে আজাদ বলেন, ‘বর্তমানে অর্থনীতির বেশ কিছু সূচকে ইতিবাচক পরিবর্তন চোখে পড়লেও এখনো বাংলাদেশকে বেশ কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এর মধ্যে আছে ইউরোপের অঞ্চলগুলোতে চলমান ঋণসংকট, রপ্তানি আয়ে নেতিবাচক ধারা, বৈদেশিক সহায়তা কমে যাওয়া, ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া এবং মূল্যস্ফীতি। এতে প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধি অর্জন নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে।’এফবিসিসিআই সভাপতি বলেন, প্রস্তাবিত বাজেটে বাজেট ঘাটতি জিডিপির পাঁচ শতাংশের মধ্যে রাখার কথা বলা হয়েছে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও দেশের অর্থনীতির প্রেক্ষাপটে এটা অনেক বেশি। ঘাটতি মোকাবিলায় সরকার ব্যাংক থেকে ২৩ হাজার কোটি টাকা ঋণ নেবে বলে ঠিক করেছে। এতে ব্যক্তি খাতের ঋণপ্রাপ্তি কমে যেতে পারে। ফলে আবারও তারল্যসংকট দেখা দিতে পারে। একই সঙ্গে ব্যাংক ঋণের সুদের হারও বেড়ে যেতে পারে। এসব কারণে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।কালো টাকা সাদা করার সুযোগকে কীভাবে দেখছেন জানতে চাইলে এ কে আজাদ বলেন, ‘সরকার কেন এই সুযোগ দিয়েছে, তা সরকারকেই প্রশ্ন করুন। তবে এই সুযোগ আমরা যারা বৈধ করদাতা তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ। এতে সত্ করদাতারা কর দিতে নিরুত্সাহী হবেন। আর যদি কালো টাকা সুযোগ দিতেই হয়, তবে যত বছর ধরে কর দেননি প্রতি বছরের কর তার কাছ থেকে আদায় করা উচিত।’