ভোরের হাওয়া এখন শিশিরভেজা। তাতে মিশে আছে ছাতিম ফুলের মিষ্টি সৌরভ। ছেঁউড়িয়ায় লালন সাঁইজির মাজারের আশপাশের এলাকা নানা রকম গাছপালায় ভরা। সেখানে কোথাও হয়তো ফুটেছে হেমন্তের ফুল ছাতিম। দিনের আলো ফোটার পরপরই সাধুরা শুরু করেছিলেন ‘গোষ্ঠগান’। গোষ্ঠগানকে বলা যেতে পারে তাঁদের প্রভাতসংগীত। ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে সমবেত সাধুসন্তরা গতকাল সোমবার তাঁদের তৃতীয় দিনের সাধন-ভজনের পালা শুরু করেছিলেন গোষ্ঠগান দিয়ে।‘গোষ্ঠে চলো হরি মুরারি/লয়ে গোধন গোষ্ঠের কানন/চলো গোকুল বিহারী’ গানটি দিয়ে শুরু হয়েছিল গোষ্ঠগানের পালা। এ গান লালনেরই। তবে এর সুর, গায়কিতে রয়েছে অন্য গানের সঙ্গে ভিন্নতা। অনেকটা কীর্তনের মতো সুর। সবাই বেশ নিচু কোমল স্বরে দুলে দুলে একটির পর একটি গান গেয়ে চলেন। সাধুরা কেউ প্রেমজুড়ি, কেউ মন্দিরা, একতারা-দোতরা বাজিয়ে গানের সুরের সঙ্গে মাথা দোলাতে থাকেন। এভাবে একের পর এক গান চলতে থাকে সকাল ১০টা পর্যন্ত। এরপর আর গোষ্ঠগান গাওয়ার নিয়ম নেই।বাউলসাধকেরা আখড়াবাড়ির চত্বরে, কালীগঙ্গা নদীর পাড়ে যে যেমন পেরেছেন ঠাঁই করে নিয়েছেন। তাঁরা নিজেদের সঙ্গীদের নিয়ে আলাদাভাবে গোষ্ঠগান করেছেন। এরপর সকালের খাবার। তারপর শুরু হয় তাঁদের ‘গুরুভক্তি কার্যকরণ’। এতে তাঁরা দিনভর গুরুর সেবা, তত্ত্ববিচার, আর গান গেয়ে সময় কাটিয়েছেন।ছেঁউড়িয়ায় এবার দেখা গেল কার্যত তিনটি ভাগ হয়ে গেছে পুরো আয়োজন। লালন একাডেমি কালীগঙ্গা নদীর পাশে বিশাল মঞ্চ করে যে অনুষ্ঠান করছে, সেখানে মূলত সাধকদের দেখা যায়নি। এখানে রাতভর গানবাজনা করেছেন লালন একাডেমির শিল্পীরা। স্থানীয় সংগীতশিল্পীদের পাশাপাশি রাজধানী থেকে আমন্ত্রিত শিল্পী, ক্ষুদে গানরাজের শিল্পীরা লালনের গান গেয়েছে। তাদের জমকালো সাজসজ্জা। চটকদার পরিবেশনা। এটি পুরোটাই গৎবাঁধা শহুরে অনুষ্ঠানের মতো। যাঁরা গান করেছেন তাঁদের অধিকাংশই বাউলসাধনার সঙ্গে ঘনিষ্ঠ নন।দ্বিতীয় অনুষ্ঠানটি হয়েছে আখড়াবাড়ির পাশেই ‘নবপ্রাণ আন্দোলন’-এর আয়োজনে। এখানেও ওই সংগঠনের সঙ্গে জড়িত শিশু-কিশোর ও তরুণ শিল্পীরা লালন সাঁইজির গান করেছেন। প্রকৃত সাধকেরা এখানেও আসেননি।ভেকধারী সাধকেরা ছিলেন এই দুই স্রোতধারা থেকে বিচ্ছিন্ন। তাঁরা নিজেদের সঙ্গীদের নিয়ে মাঝেমধ্যে গানবাজনা করেছেন। বেশির ভাগ সময় তাঁরা এবার ধ্যানগম্ভীরভাবেই কাটিয়ে দিয়েছেন। মেলায় নাগরদোলা, অডিও ক্যাসেট-সিডির দোকান, কারুপণ্যের দোকান, খাবারের দোকানগুলোতে সারা দিন উচ্চনিনাদে যেসব গান বাজছে, তাতে সাধুদের খালি গলার গান তো চাপা পড়ে গেছেই, তাঁদের সাধনকর্মও ব্যাঘাতগ্রস্ত হচ্ছে নিদারুণভাবে। ভারতের নদীয়া থেকে এসেছেন তারাদাস বাউল ও তাঁর সেবিকা নয়না দাসী। অতীন দাস বাউল এসেছেন ছোটনাগপুর থেকে। তাঁরা আগেও বেশ কয়েকবার এসেছেন সাঁইজির তিরোধান দিবসে মাজারে প্রণাম দিতে। এবারের এত হইহল্লায় তাঁরাও বেশ অপ্রসন্ন বলেই মনে হলো। বিদেশবিভুঁই বলে কথা। তাই খানিকটা রাখঢাক করে বললেন, ‘শোরগোলটা এবারে একটু বেশিই লাগছে। আগে তো অবশ্য এত মানুষ হতো না। এত্তুটুকুন জায়গায় এত লোকসমাগমে এমন তো হতেই পারে। তবে আমরা তো এসেছি মূলত সাঁইজিকে প্রণাম করতে। সেটি করতে পেরেছি এতেই ধন্য।’আখড়াবাড়ি লাগোয়া ‘এম আর অফসেট প্রেস’-এর প্রাঙ্গণজুড়ে ছোট ছোট দলে বসেছেন কয়েকজন সাধক। চারপাশে প্রাচীর থাকায় এখানে অবাঞ্ছিত শব্দ আর লোকের প্রবেশ সীমিত। সাধুরা সঙ্গীদের নিয়ে ধ্যানে-গানে মগ্ন। কথা হলো নরসিংদী থেকে আসা সাধু হুমায়ুন কবিরের সঙ্গে। ভক্তরা জানালেন, দীর্ঘ শ্মশ্রু-গুম্ফ ও সফেদ বসনধারী এই সাধু কথাবর্তা একটু কমই বলেন। গোষ্ঠগান চলছিল তখন। গান শেষ হলে পরিচয় দিয়ে কথা বলার আবেদন জানালে তিনি তা মঞ্জুর করলেন। এবারের আয়োজন নিয়ে অন্য সাধুদের মতো তিনিও বড়ই অসন্তুষ্ট। বললেন, ‘একাডেমির কমিটির মধ্যে প্রকৃত লালন অনুসারী কেউ নেই। তরিকতপন্থী নেই। যারা গান বোঝে, তত্ত্ব বোঝে, একাডেমির অনুষ্ঠানে তারা কেউ নেই। উনারা বাচ্চাকাচ্চাদের দিয়ে গানবাজনা করান। এটা পুরোটাই বিনোদনের অনুষ্ঠানের মতো হয়ে গেছে। আমরা মনে করি, লালন সাঁই দিব্যজ্ঞানী। তিনি সবই দেখছেন। যখন সময় হবে, এর বিহিত তিনিই করবেন।’মর্যাদা পান না বলে হুমায়ুন সাধু আখড়াবাড়ির ভেতরে বসেননি। সাঁইজির মাজারে সালাম দিয়ে এসে এখানে সঙ্গীদের নিয়ে আস্তানা করেছেন। তবে একটা জিনিস তিনি অবশ্য মানলেন, তত্ত্ববিচারের মানুষ কমে এলেও এবং পুরো আয়োজনটি ক্রমান্বয়ে ব্যবসামুখী হয়ে উঠলেও লালনের গানের চর্চা বাড়ছে। এটারও মূল্য কম নয় বলে তাঁর মন্তব্য।আরও একটি উল্লেখযোগ্য আয়োজন আখড়াবাড়ির পাশেই ফকির মন্টু শাহর বাড়িতে। মন্টু শাহ এখন কুষ্টিয়ায় লালন অনুসারীদের মধ্যে অন্যতম ভেকধারী সাধু। সাঁইজির তিরোধান দিবসের আয়োজনে প্রকৃত সাধকদের এই বেহাল অবস্থা দেখে গত কয়েক বছর থেকে নিজের বাড়িতেই আলাদা করে সাধনভজনের আয়োজন করে আসছেন। মন্টু শাহ বললেন, ‘আমরা ওখানে আর আগের মতোন পরিবেশ পাই না। তাই বাধ্য হইয়ে বাড়িতেই সাধুসঙ্গ কইরে আসছি।’গতকাল সোমবার তৃতীয় দিন সন্ধ্যায় শুরু হয় একাডেমির মঞ্চে আলোচনা ও সংগীতানুষ্ঠান। আলোচনা করেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন জামাল উদ্দিন মোল্লা, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিক হার রহমান। সভাপতিত্ব করেন লালন একাডেমির সহসভাপতি আবদুর রশীদ চৌধুরী। পরে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে লালন একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।সাঁইজির ১২০তম তিরোধান দিবসের আয়োজনে আসা বাউল, সাধুসন্তদের সঙ্গে কথা বলে জানা গেল, একটা বিষয় সম্পর্কে তাঁরা একমত যে জনপ্রিয় অনুষ্ঠানাদি যেমন চলছে চলুক। সারা দেশ থেকে গানবাজনা শুনে আনন্দ করতে যাঁরা আসছেন তাঁরা আনন্দ বিনোদন করুন। তবে তাঁদের জন্য আলাদা ব্যবস্থা করা হোক। আর সাধুসন্তদের জন্য আখড়াবাড়ি বা তার পাশের নদীর পাড়ের জায়গা আলাদা করে দেওয়া হোক, সেখানে যাতে তাঁরা নির্বিঘ্নে তাঁদের সাধনভজন নিয়ে থাকতে পারেন। কেউ তাঁদের যেন সেখানে বিরক্ত না করেন। গুরুর চরণে ভক্তি জানাতে এসে বাণিজ্য-বিনোদনের চাপে পড়ে বিপন্ন সাধুদের এই সবিনয় নিবেদন পূরণের ব্যবস্থা আদৌ হবে কি না কে জানে?