ব্যবসার জন্য উন্মুক্ত মিয়ানমার (ভিডিও)
যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বর্তমানে বিশ্ব পরিসরে ব্যবসার জন্য উন্মুক্ত হলো মিয়ানমার। তবে দেশটির পিছিয়ে পড়া অর্থনীতিকে টেনে তুলতে এখনো সময়ের দরকার। বিশেষত, দেশটিতে দ্রুতগতিতে ব্যবসা পরিচালনা ও লাভ করা এত সহজ হবে না বলে জানিয়েছে ব্যবসায়ীরা।নিষেধাজ্ঞা শিথিলের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বলতে চাই, দায়িত্বশীলতার সঙ্গে মিয়ানমারে বিনিয়োগ করুন। এর মাধ্যমে ইতিবাচকদের একজন হন।’রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞা শিথিলের পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা মিয়ানমারে যাচ্ছেন। আর কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ দেশটিতে নিজেদের অবস্থান তৈরি করতে মুখিয়ে আছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো। তবে এ পথটা সহজ হবে না তাদের জন্য। প্রতিবেশী রাষ্ট্র চীনের সঙ্গে মিয়ানমারের সম্পর্কই এর বড় কারণ। চীন ইতিমধ্যেই দেশটির সঙ্গে রেল যোগাযোগ স্থাপন এবং পাইপলাইন নির্মাণ শুরু করেছে।দীর্ঘ বিচ্ছিন্নতা, সামরিক সরকারের নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেশটির ব্যাংকিং ব্যবস্থাকে এক রকম নিশ্চিহ্ন করে দিয়েছে। এর মৌল অবকাঠামোও সেকেলে।এ প্রসঙ্গে সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্রায়ানস অ্যান্ড পার্টনারসের পরিচালক হ্যান্স ব্রায়ানস বলেন, মিয়ানমারে ইন্টারনেট সংযোগ আছে কেবল এক লাখ ১০ হাজার। দেশটির ছয় কোটি মানুষের জন্য এটা একেবারেই অপ্রতুল। দেশটির অর্থনীতিও জনগণের সেবায় প্রস্তুত হয়নি। একটি বিশেষ শ্রেণীর জন্য তৈরি হয়েছে এটি। তিনি আরও বলেন, ‘আমি মনে করি সম্ভাব্য বিনিয়োগকারীদের উচিত গত ৫০ বছরে মিয়ানমারের অর্থনীতি কীভাবে অব্যবস্থাপনার কবলে পড়েছে সে সম্বন্ধে অবগত হওয়া।’ এদিকে মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। সংগঠনগুলো সংখ্যালঘুদের ওপর দেশটির সরকারের বর্বরোচিত নির্যাতনের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছে।