ব্যবসায় কারসাজি করলে দণ্ড, সংসদে বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ে কারসাজি নিয়ন্ত্রণের জন্য ‘প্রতিযোগিতা বিল-২০১২’ আজ রোববার সংসদে পাস হয়েছে। বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব নাকচ হয়। বিলের উদ্দেশ্য ও কারণ-সম্পর্কিত বিবৃতিতে মন্ত্রী বলেন, গত কয়েক বছর বাজারে পণ্যের অযৌক্তিক দাম বাড়ানো ও অস্থিরতার জন্য অসাধু ব্যবসায়ীরা দায়ী। প্রতিযোগিতা আইন না থাকায় কিছু অসাধু ব্যবসাপ্রতিষ্ঠান লিখিত বা অলিখিত চুক্তির মাধ্যমে একজোট হয়ে দাম গড়াপেটা করে পণ্যের বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই আইন পাস হলে বাজার নিয়ন্ত্রণকারীদের হাত থেকে দেশবাসী রক্ষা পাবে।আইনে বলা হয়েছে, একজন চেয়ারপারসন ও অনধিক চারজন সদস্য নিয়ে প্রতিযোগিতা কমিশন গঠন হবে। কমিশনের কাজ হবে বাজারের প্রতিযোগিতায় বিরূপ প্রভাব ফেলতে পারে, এমন বিষয় নির্মূল করা। কমিশনের আদেশ কেউ লঙ্ঘন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং প্রতিদিনের ব্যর্থতার জন্য সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা হবে।