ব্যবসায়িক অংশীদারদের দেওয়া ঋণ শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যান হিসেবে নিজ ব্যাংক থেকে ব্যবসায়িক অংশীদারদের প্রতিষ্ঠানের নামে বড় অঙ্কের ঋণ দেওয়া হয়েছে। আর বিতরণের পর সেই টাকা গিয়ে ঢুকেছে শেয়ারবাজারে। শিল্পের নামে ঋণ নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করা এমনিতেই বেআইনি। পাশাপাশি ব্যাংক চেয়ারম্যানের ব্যবসায়িক অংশীদারদের এভাবে ঋণ দেওয়াও একটি নজিরবিহীন ঘটনা বলে জানা গেছে। বেসরকারি এক্সিম ব্যাংকে এ ঘটনা ঘটেছে। ব্যাংকটির চেয়ারম্যান পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার। তিনি একই সঙ্গে দেশের বেসরকারি ব্যাংকগুলোর উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান।বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এক্সিম ব্যাংক থেকে ১৯৫ কোটি ১৫ লাখ টাকার বিভিন্ন ধরনের ঋণ শেয়ারবাজারে ঢুকে পড়াসহ পাঁচটি অনিয়মের দায়ে ব্যাংকের চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠিও দিয়েছে।প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ভিন্ন নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে শেয়ারবাজারে খাটানো দুটি কোম্পানির মালিকেরা অপর এক কোম্পানিতে নজরুল ইসলাম মজুমদারের ব্যবসায়িক অংশীদার। যোগাযোগ করা হলে নজরুল ইসলাম মজুমদার এ প্রতিবেদককে বলেন, ‘কোনো নীতিবিরুদ্ধ কাজ হয়নি। আমি আমার ব্যবসায়িক অংশীদারি প্রতিষ্ঠানে কোনো ঋণ দিইনি। অন্য আরেক প্রতিষ্ঠানে তাঁরা আমার অংশীদার। এতে কিছু আসে-যায় না।’ উল্লেখ্য, এক্সিম ব্যাংক থেকে বিগত ২০০৯ ও ’১০ সালের মধ্যে এই অর্থ শিল্পের নামে বিতরণ করা হয়েছিল। অথচ এই অর্থ বিনিয়োগ করা হয় শেয়ারবাজারে। মূলত সে সময়ে দেশের ফুলেফেঁপে ওঠা শেয়ারবাজার থেকে বড় অঙ্কের মুনাফা তুলে নিতেই এই অর্থ খাটানো হয়। অথচ বাণিজ্যিক ব্যাংকগুলো দেশের শিল্প খাতে বিনিয়োগকে উৎসাহ দিতে সেই সময়ে সুদহারে বড় ধরনের ছাড় দিচ্ছিল।বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী, মেসার্স লোডস্টার ফ্যাশনস লিমিটেডের কাছে এক্সিম ব্যাংকের পাওনার (৩০ সেপ্টেম্বর ২০১০ ভিত্তিক) পরিমাণ ৬৮ কোটি ৯১ লাখ ৬২ হাজার টাকা। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শকেরা সরেজমিনে দেখেছেন, এর থেকে ৩৬ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার টাকা সরাসরি চেকের মাধ্যমে গিয়ে জমা হয়েছে শেয়ারবাজারের ব্রোকারেজ হাউস অ্যাংকর সিকিউরিটিজের খোলা গ্রাহকের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে। পরে এই টাকায় শেয়ার কেনাবেচা চলে। লোডস্টার ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইদুর রহমান।অপর এক কোম্পানি মেসার্স কাজী এরফানুর রহমানের হিসাবে বিভিন্ন তারিখে ১৯ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার টাকার ঋণ জমা হয়। ঋণের এই টাকা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এরফানুর রহমান স্টক ব্রোকার কোম্পানি অ্যাংকর সিকিউরিটিজ ও ফকরুল ইসলাম সিকিউরিটিজে খোলা তাঁর শেয়ারের বিও হিসাবে জমা করেন।খোঁজ নিয়ে জানা যায়, এরফানুর রহমান ওরফে রেন্টু কাজী বগুড়ায় বিএনপির সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলামের ভাই। মেসার্স কাজী এরফানুর রহমান একটি নির্মাণ (কনস্ট্রাকশন) ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে ব্যাংকের কাগজপত্রে উল্লেখ আছে। এটি বগুড়াতেই এক্সিম ব্যাংকের গ্রাহক প্রতিষ্ঠান। সেখানে ব্যাংক থেকে গ্যারান্টি ও বাইম (ইসলামী ব্যাংকিং ঋণ উপাদান, যা সাধারণ ব্যাংকিংয়ের ভাষায় চলতি মূলধন ঋণ) হিসেবে ছয় কোটি টাকার বিনিয়োগ-সুবিধা নিয়েছে। অনুসন্ধানে এরফানুর রহমানের একটি ঋণ বিতরণে চাঞ্চল্যকর তথ্যও পাওয়া গেছে। জানা গেছে, ঢাকার গুলশান শাখায় প্রতিষ্ঠানটি যেদিন প্রথম চলতি হিসাব খোলে, সেদিনই ছয় কোটি ৬০ লাখ টাকার ঋণ পায়। একই দিনে গ্রাহকের হিসাব থেকে এই ঋণের পুরো টাকা অ্যাংকর সিকিউরিটিজের অনুকূলে পে-অর্ডার ইস্যু করা হয়।এই ঋণ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ‘চলতি হিসাব খোলার দিনেই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) মৌখিক অনুমোদনক্রমে গ্রাহকের অনুকূলে ছয় কোটি ৬০ লাখ টাকার বাইম হাইপো বিনিয়োগ সুবিধাটি প্রদান করা হয়।’এই দুই প্রতিষ্ঠানের মালিকপক্ষের সঙ্গে এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের আরেক প্রতিষ্ঠানে সরাসরি ব্যবসা রয়েছে। রেইনস রিয়েল এস্টেট নামে আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠানে নজরুল ইসলাম মজুমদার, লোডস্টার ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইদুর রহমান এবং মেসার্স কাজী এরফানুর রহমানের মালিক এরফানুর রহমান ওরফে রেন্টু কাজীর ভাই কাজী রফিকুল ইসলাম প্রত্যেকেই পাঁচ হাজার করে শেয়ারধারী। কোম্পানির আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন বা সংঘস্মারক অনুসারে নজরুল ইসলাম মজুমদার রেইনস রিয়েল এস্টেটের চেয়ারম্যান, উল্লিখিত অন্য দুজন পরিচালক।এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুসারে ঋণ নেওয়া প্রতিষ্ঠান দুটি বা গ্রাহককে নজরুল ইসলাম মজুমদারের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা যাবে না। তবে এর উদ্দেশ্য বা মতলব (মোটিভ) স্পষ্ট। সে বিবেচনায় করণীয় কিছু থাকতেও পারে।নজরুল ইসলাম মজুমদার এ বিষয়ে বলেন, সব ব্যাংকই পরিচয়ের ভিত্তিতে ঋণ দেয়। যে প্রতিষ্ঠানে ঋণ দেওয়া হয় তার সম্ভাব্যতা যাচাই করেই তা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক থেকে ঋণমানসংক্রান্ত তথ্য বা সিআইবি প্রতিবেদন নিয়েই তারপর ঋণ দেওয়া হয়।বাংলাদেশ ব্যাংকের চিঠির বিষয়ে তিনি বলেন, ‘অনেক দিন আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে এমন চিঠি পেয়েছিলাম মনে পড়ছে। তার জবাবও দিয়ে দিয়েছি।’জানা গেছে, চেয়ারম্যান হিসেবে নজরুল ইসলাম মজুমদারকে দেওয়া চিঠিতে চারটি অনিয়মের অভিযোগ এনে তাঁর বক্তব্য দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক এক মাস সময় বেঁধে দেয়। অনিয়মগুলো হলো: মেসার্স আজাদ কনস্ট্রাকশনের নামে খেলাপি ঋণ থাকার তথ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উল্লেখ করা সত্ত্বেও পরিচালনা পর্ষদ গ্রাহককে নতুনভাবে ঋণ মঞ্জুর করে, যা ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ২৭ কক(৩) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।অভিযোগে বাংলাদেশ ব্যাংক বলেছে, এক্সিম ব্যাংক বিতরণ করা ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারেনি। ব্যাংকের গুলশান শাখার গ্রাহক মেসার্স হক অ্যান্ড সন্স, মেসার্স ওকে এন্টারপ্রাইজ, মেসার্স কাজী এরফানুর রহমান, মেসার্স লোডস্টার প্যাকেজিং, মেসার্স বি অ্যান্ড বি সেলস অ্যান্ড মার্কেটিং ও মেসার্স মিডল্যান্ড ট্রেডিং কোম্পানি এবং মতিঝিল শাখার গ্রাহক মেসার্স লোডস্টার ফ্যাশনস ও মেসার্স কসমস এন্টারপ্রাইজ বিভিন্ন নামে ঋণ নিয়ে ১৯৫ কোটি ১৫ লাখ টাকা শেয়ার ব্যবসায় খাটিয়েছে, যা ২০০৩ সালে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সার্কুলারের নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন।প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেসার্স কাজী এরফানুর রহমান ও মেসার্স লোডস্টার প্যাকেজিংয়ে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ক্ষমতার অপব্যহার করে অনিয়মিতভাবে বড় অঙ্কের ঋণ বিতরণ করেছে। পর্ষদ চেয়ারম্যান তা মৌখিক অনুমোদনও দিয়েছেন। এরফানুর রহমানসহ কয়েকজন গ্রাহকের ব্যবসায়িক অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ না হলেও বড় অঙ্কের ঋণ বিতরণ করা হয়েছে অল্প সময়ের ব্যবধানে। আবার হক অ্যান্ড সন্স গুলশান শাখায় প্রতিষ্ঠানের নামে ব্যাংকে হিসাব খোলার আগেই পরিচালনা পর্ষদ বিনিয়োগসীমা মঞ্জুর করে।