ব্যবসায়িক দ্বন্দ্ব ও এশার সঙ্গে সম্পর্কের প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়িক দ্বন্দ্ব ও সাবেক স্ত্রী ওয়াশীমা খাতুন ওরফে এশার সঙ্গে সম্পর্কের প্রতিশোধ নিতেই সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা বাকি মির্জাকে হত্যা করা হয়। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া রুহুল আমিন ওরফে বাবু জিজ্ঞাসাবাদে পুলিশকে এ কথা জানিয়েছেন। আজ বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও তিনি দোষ স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া ওয়াশীমা খাতুন রুহুল আমিনের সাবেক স্ত্রী। নিহত বাকি মির্জার সঙ্গে ওয়াশীমার সম্পর্ক ছিল বলে রুহুল জানিয়েছেন। ওয়াশীমাও বিষয়টা স্বীকার করেছেন।রুহুল আমিনকে আজ দুপুরে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোশারফ হোসেনের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে হাজির করে পুলিশ। মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের জিরানী বাজার এলাকা-সংলগ্ন মাধবপুর গ্রাম থেকে রুহুলকে গ্রেপ্তার করা হয়। নিহত চিকিত্সক বাকি মির্জার ব্যবহূত মুঠোফোনটি তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়। গতকাল রাতে রুহুলকে সিরাজগঞ্জে আনা হয়।মোশারফ হোসেন বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে রুহুল চিকিত্সক বাকি মির্জাকে হত্যা ও পরিকল্পনার বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। রুহুল জানিয়েছেন, একটি ওষুধ কোম্পানির স্থানীয় এক কর্মকর্তার সঙ্গে বাকি মির্জার ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। ওয়াশীমা রুহুলের স্ত্রী থাকা অবস্থায় ওই ওষুধ কোম্পানির প্রতিনিধি (মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ) হিসেবে চাকরি করতেন। ওই চাকরির সুবাদে যাওয়া-আসা করতে করতে ওয়াশীমার সঙ্গে বাকি মির্জার সম্পর্ক গড়ে ওঠে। এ জন্য ওয়াশীমা রুহুলকে তালাক দেন। এতে বাকি মির্জার ওপর রুহুলের ক্ষোভের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের ১৫ দিন আগে রুহুল ও ওষুধ কোম্পানির ওই কর্মকর্তা বাকি মির্জাকে হত্যার পরিকল্পনা করেন। এ জন্য একজন পেশাদার খুনি ভাড়া করা হয়। তবে রুহুল ওই পেশাদার খুনিকে চেনেন না বলে দাবি করেন।সংবাদ সম্মেলনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হারুন ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা মোখলেসুল হকসহ পুলিশের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, তদন্তের স্বার্থে ওষুধ কোম্পানির ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হচ্ছে না। সংবাদ সম্মেলনের পর বিকেলে রুহুলকে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নীলা কর্মকারের আদালতে হাজির করা হয়।গত ১৬ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরের সরকারি ডরমেটরি থেকে চিকিত্সক বাকি মির্জার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওয়াশীমাকে আটক করা হয়। পরে তাঁকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হয়। ওয়াশীমার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রুহুলকে গ্রেপ্তার করে।