ব্যবসায়িক স্বার্থে অনেকে গণমাধ্যমের সঙ্গে যুক্ত হচ্ছেন: হাবিবুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, আগে মিশনারিরা বিনা স্বার্থে পত্রিকা প্রকাশ করতেন। এখন ব্যবসায়িক স্বার্থে অনেকে গণমাধ্যমের সঙ্গে যুক্ত হচ্ছেন। তিনি বলেন, বিশ্বে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা খুবই নগণ্য। এমনকি পার্শ্ববর্তী দেশ মালদ্বীপের চেয়েও নিচে অবস্থান করছে। তাই দেশের গণমাধ্যমকে আরও বেশি করে সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি। ‘সংবাদমাধ্যমের স্বাধীনতার সংকট ও উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় আজ শুক্রবার বিচারপতি হাবিবুর রহমান এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) রজতজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষককেন্দ্র মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বিচারপতি হাবিবুর রহমান আরও বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন আইনের মাধ্যমে সংবাদপত্রকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। এত দিন মানহানির মামলায় সাংবাদিকদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হতো। তার বদলে বর্তমান সরকারের সময়ে সমন জারির বিধান হয়েছে। এ জন্য সরকারকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এর সুফল কী আসবে তা দেখতে হলে অপেক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব ঠিকভাবে পালন করে যেতে হবে। সাংবাদিকদের কাজ সত্য অন্বেষণ করা। তাঁদের সেই কাজটি করতে হবে।’বিশেষ অতিথির বক্তব্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সাংবাদিক সমাজে আজ নানা বিভক্তি। রাজনৈতিক স্বার্থ, ব্যবসায়িক ও ব্যক্তি স্বার্থ সংবাদপত্রের স্বাধীনতার বড় বাধা। এখন নতুন নতুন সংবাদপত্র প্রকাশিত হচ্ছে। কিন্তু সংবাদপত্রের বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা যেন ভূলুণ্ঠিত। তিনি বলেন, সত্ ও সাহসী ভূমিকার পরিবর্তে সংবাদপত্রগুলো অনেক বেশি স্বার্থ হাসিলের প্রতিযোগিতায় মেতে উঠেছে। যার সঙ্গে শুধু সাংবাদিক সমাজ নয়, সম্পাদক-প্রকাশকেরাও সরাসরি জড়িত। মতিউর রহমান আরও বলেন, সাংবাদিকতার জন্য বড় সমস্যা হলো যখন যে সরকার ক্ষমতায় থাকে, তারা কেউই তাদের ভুলটা মানতে চায় না। সত্য প্রকাশ করলেও তাদের রোষানলে পড়তে হয়। তরুণ সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, ‘কারও কাছ থেকে কোনো অনৈতিক সুবিধা নেবেন না। সত্, স্বাধীন ও দলনিরপেক্ষভাবে সাংবাদিকতা করবেন। পেশায় প্রবেশের পর দু-তিন বছরের মধ্যে হারিয়ে গেলে বা ক্লান্ত হলে চলবে না। সারাজীবন অনুসন্ধানী সাংবাদিকতা করে যেতে হবে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রজতজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার। অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক সমিতির সভাপতি রাকিব আহমদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এ জে এম শফিউল আলম ভূঁইয়ার লেখা মূল প্রবন্ধ পড়ে শোনান সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম। আলোচনা সভা শুরুর আগে সকাল সাড়ে ১০টায় রজতজয়ন্তী উত্সবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর টিএসসি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।