ব্যবসায়ী, প্রকৌশলীসহ পাঁচ দিনে ৩৪ জন খুন
ময়মনসিংহ, নোয়াখালী, রংপুর, গাজীপুর, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে গত সোমবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত অন্তত ৩৪ জন খুন হয়েছেন।নিহত ব্যক্তিদের মধ্যে ছাত্রলীগের সাবেক নেতা, ব্যবসায়ী, প্রকৌশলী, আনসার সদস্য, ছাত্র, গৃহবধূ ও গাড়িচালক রয়েছেন। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে হত্যা মামলা হয়েছে।এ ছাড়া ফরিদপুর, সিলেট ও বগুড়া থেকে অজ্ঞাত পরিচয়ের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ময়মনসিংহ: গতকাল সকালে জেলার ফুলবাড়িয়া উপজেলার রামখিলা গ্রামের আয়মন নদীর তীরে নরসুন্দর শামছুল হক (৫০) ও রাশিদা আক্তারের (৩৫) জবাই করা লাশ উদ্ধার করা হয়। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, পরকীয়ার ঘটনায় এ জোড়া খুন হয়েছে। এ ঘটনায় রাশিদার ভাই রফিকুল ইসলাম মামলা করেছেন।এর আগে মঙ্গলবার রাতে গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামে ডাকাতের হামলায় হাছেন আলী শেখ নামের এক গৃহকর্তা খুন হন। আহত হয়েছেন আরও তিনজন। পরের দিন বুধবার রাতে গফরগাঁওয়ের যশরা ইউনিয়নের ভারইল গ্রামে যৌতুকের জন্য স্বামী ও তাঁর পরিবারের লোকজন নববধূ লিপি আক্তারকে (১৮) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের নসরতপুর গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আরশাদ মিয়া ও সাইফুল ইসলাম নামের দুজন নিহত হন। আহত হন ছয়জন। একই দিন রাতে উপজেলার সাভার গ্রামের কিশোর রুবেল মিয়াকে (১৪) খুন করে তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।একই ধরনের ঘটনা ঘটে জেলার ফুলপুর উপজেলার গোয়াতলা স্থানে। মঙ্গলবার রাতে সেখানে মাইক্রোবাসের চালক মনিরুজ্জামানকে (২৪) হত্যা করে তাঁর গাড়ি ছিনতাই করা হয়। মনিরের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। এ ঘটনায় বৃহস্পতিবার ফুলপুরের দুজনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ফুলপুরের বানিহালা ইউনিয়নের লাউটিয়া গ্রামের সুজন পণ্ডিতকে (১৪) কে বা কারা কুপিয়ে হত্যা করে।নোয়াখালী: বৃহস্পতিবার ভোরে জেলা শহরের মাইজদী হাউজিং এস্টেটের একটি বাড়ি থেকে শাহানা বেগম (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে সুধারাম থানার পুলিশ। যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে শাহানার বাবা আবুল কাশেম থানায় তাঁর স্বামী, শাশুড়ি ও ননদকে আসামি করে মামলা করেছেন। স্বামী রাশেদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।কবিরহাট থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, উপজেলার বাটইয়া ইউনিয়নের শ্রীনদ্দি গ্রামের প্রবাসী আবদুল মতিনের সঙ্গে একই গ্রামের তফাজ্জল হোসেনের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে বুধবার দুপুরে মতিনের লোকজন তফাজ্জলদের বাড়িতে হামলা চালায়। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা তফাজ্জলদের বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে অগ্নিদগ্ধ শারীরিক প্রতিবন্ধী শিরিন আক্তার (২৩) বৃহস্পতিবার সকালে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।এর আগে মঙ্গলবার সকালে সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের একটি ধানখেত থেকে আবদুর রশিদের ছেলে ও স্থানীয় জয়াগ মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র মো. তরুণের (৯) লাশ উদ্ধার করা হয়। থানার ওসি হুমায়ুন কবির বলেন, ওই ঘটনায় আটক মো. সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মুঠোফোনের জন্য তিনি শিশু তরুণকে হত্যা করেছেন।রংপুর: সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের রথিরামপুর এলাকার খোর্দপুরের একটি ধানখেত থেকে বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী মোমিনুল ইসলাম (৪০) ও তাঁর বন্ধু আবদুস সালামের লাশ উদ্ধার করা হয়। ওই দুজনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। জোড়া এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত হাজিরহাট এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতা।এর আগে মঙ্গলবার বেলা একটার দিকে শহরের কলেজ রোডে ছাত্রলীগ জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের কর্মী মাসুদ রানা (৩৪) একই এলাকার প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে খুন হয়েছেন। দরপত্র সমঝোতার টাকার ভাগবাটোয়ারা নিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, সবগুলো খুনের ঘটনার প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গাজীপুর: গাজীপুর পৌরসভার বালুচাকুলি এলাকায় আবদুল্লাহ আল মোসাবির (২৭) নামের একজন খুন হয়েছেন। বুধবার রাতে তিন প্রতিবেশী তাঁকে বাড়ি থেকে ডেকে নেন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে বিল থেকে মোসাবিরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। মোসাবির গাজীপুর সদরে ইউটা ফ্যাশন নামের পোশাক কারখানায় টেক্সটাইল প্রকৌশলী পদে চাকরি করতেন।বৃহস্পতিবার রাত ১০টার দিকে টঙ্গীর গোপালপুর এলাকায় ভ্যানচালক স্বামী জাহাঙ্গীর আলমের ছুরিকাঘাতে তাঁর স্ত্রী রোকেয়া (২৪) খুন হয়েছেন। পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে। রোকেয়া টঙ্গীর মাতওয়ার পোশাক কারখানায় কাজ করতেন। দাউদকান্দি (কুমিল্লা): গতকাল সকালে কুমিল্লার তিতাস উপজেলার চরকুমারিয়া মসজিদসংলগ্ন একটি জলাশয় থেকে চান মিয়া এবং হোমনা উপজেলার কাশিপুর থেকে ইয়ামিন নামের দুজনের লাশ উদ্ধার করা হয়। টাঙ্গাইল: আধিপত্য বিস্তার নিয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার লাড়ুগ্রাম গ্রামে গত বুধবার রাতে মো. আবদুল কাদের (৫৫) নামের এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। আহত হয়েছেন কাদেরের ছেলে আবদুল মালেকসহ তিনজন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিহত কাদেরের প্রতিবেশী রাজা খানের বাড়ি থেকে রামদা, কিরিচ, হাঁসুয়া, সামুরাই, ডেগার, ছোরা, ফালা, টেঁটা, খন্তাসহ অর্ধশতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কাদের রাজধানীর উত্তরা থানায় কর্মরত ছিলেন।যশোর: বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার বাঘারপাড়া উপজেলার জলেশ্বর বিলের পাশে তরিকুল ইসলাম (২২) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তরিকুলের বাড়ি উপজেলার রায়পুর ইউনিয়নের শেখরবাতান গ্রামে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): উপজেলার ব্রজাপুর মণ্ডলজানি গ্রামে একটি রেলসেতুর নিচ থেকে গতকাল দুপুরে হাত-পা বাঁধা অবস্থায় শাহ আলম (২৮) নামের একজনের লাশ উদ্ধার করা হয়। উপজেলার বালসাবাড়ি বাজারের শাহ আলম গাজীপুরের স্প্যারো গার্মেন্টসে চাকরি করতেন।খাগড়াছড়ি: জেলা সদরের ধর্মঘর এলাকার সোনা মিয়াকে (৪০) বুধবার দিবাগত রাতে কুপিয়ে আহত করে মুখোশধারী সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।মাগুরা: সদর উপজেলার শত্রুজিতপুর গ্রামে গত সোমবার রাতে প্রতিবেশীদের ধারালো অস্ত্রের আঘাতে মশিয়ার রহমান (২৮) নামের একজন খুন হয়েছেন। আহত হয়েছেন একজন। পটিয়া (চট্টগ্রাম): উপজেলার কেলিশহ ইউনিয়নের ইন্নারপাড়া গ্রামে বুধবার সন্ধ্যায় একটি দোকানে মুঠোফোন চার্জ দেওয়ার পর তা খুঁজে না পাওয়ার জের ধরে হামলায় নিহত হয়েছেন হারুন রশিদ (২২) নামের এক ব্যবসায়ী। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পাবনা: জেলার ফরিদপুর উপজেলার নেচরাপাড়া গ্রামে মঙ্গলবার রাতে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানি মো. এবাদত আলীকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। কটিয়াদী (কিশোরগঞ্জ): পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের ভুনা গ্রামে বল্লমের আঘাতে রঙ্গু মিয়া (৫৫) নামের একজন খুন হয়েছেন। দুই পক্ষের সংঘর্ষে নিহত ৭: গত কয়েক দিনে চার জেলায় দুই পক্ষের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের কলেজছাত্র রাহাত খান (২০) ও জামালগঞ্জ উপজেলার শরিফপুর গ্রামের রইস মিয়া (৩৮); লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর বসু এলাকার বেলাল হোসেন (৩২) ও রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের মালপাড়া গ্রামের মাহফুজুল হক (৬২); ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ভাতশালা গ্রামের হোটেল কর্মচারী জুয়েল ভূঁইয়া (৩৫) ও নাসিরনগর উপজেলার কচুয়া গ্রামের নজরুল ইসলাম (২২) এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর গ্রামের মো. রায়হান উদ্দিন ফকির (৫৬)। চারজনের লাশ উদ্ধার: গতকাল সকালে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পূর্ব গঙ্গাবর্দী এলাকায় একটি বাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার সকালে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৩৮) গলিত লাশ উদ্ধার করে পুলিশ। সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের দত্তগ্রাম থেকে গতকাল সকাল আটটার দিকে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর (১৪) লাশ উদ্ধার করা হয়। লাশটি গ্রামের একটি সীমানাপ্রাচীরের লোহার রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। এর দুই ঘণ্টা পর বগুড়ার গাবতলী উপজেলার হোসেনপুর গ্রামের একটি কড়ইগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৩৫) লাশ। এ ছাড়া নোয়াখালীর সেনবাগ উপজেলার কল্যান্দি-চন্দেরহাট সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তায় থাকা পল্লিবিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে সাইকেল আরোহী নূর নবী (৩০) ঘটনাস্থলে মারা যান। তিনি বীজবাগ গ্রামের বাসিন্দা।