ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সুমাইয়া কানিজ সাগরিকাসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক কানিজ আক্তার নাসরিনা খানম এ রায় দেন।মামলার আরেক আসামি ইসমাইল হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন আলী আশরাফ ওরফে লিটন, ইব্রাহীম, হিজরা খলিল, আল আমিন ও খলিল শেখ।মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালের ৪ নভেম্বর শ্যামপুরে জাহাঙ্গীর আলমকে তাঁর নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা ফিরোজ আলম সাগরিকাসহ অন্য আসামিদের বিরুদ্ধে শ্যামপুর থানায় হত্যা মামলা করেন। পরে গ্রেপ্তার হওয়া আসামিরা হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।পুলিশ তদন্ত শেষে ২০০৮ সালের ৩১ ডিসেম্বর সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত এ মামলায় ৩৭ জনের সাক্ষ্য নেন।রাষ্ট্রপক্ষে মামলটি পরিচালনা করেন বিশেষ পিপি মাহবুবুর রহমান আর আসামিদের পক্ষে ফারুক আহমেদ ও রায়হান মোর্শেদ।মামলার রায়ে বলা হয়, সাক্ষ্যপ্রমাণে আসামিদের বিরুদ্ধে জাহাঙ্গীর আলমকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং অন্য আসামি ইসমাইল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।