ব্যবসায়ী নিজেই সনদ দিয়ে আনবেন পুরোনো জাহাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিত্যক্ত (স্ক্র্যাপ) জাহাজ আমদানির জন্য আমদানি নীতি আদেশ (২০০৯-১২) সংশোধন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। পুরোনো জাহাজ আমদানি করতে এখন আর রপ্তানিকারক দেশ বা ওই দেশের সরকার কর্তৃক মনোনীত সংস্থা থেকে সনদ নিতে হবে না। জাহাজে বিষাক্ত বর্জ্য আছে কি নেই—এ সনদ এখন রপ্তানিকারক নিজেই দেবে। গতকাল বৃহস্পতিবার নীতির এ সংশোধন করা হয়। এ সংশোধনীতে আদালতের রায়কে অমান্য করা হয়েছে বলে মনে করে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)। জাহাজভাঙা শিল্প নিয়ন্ত্রণে ২০০৯ সালের ১৭ মার্চ সুপ্রিম কোর্ট (রিট মামলা নম্বর ৭২৬০/২০০৮) নির্দেশ দিয়েছিলেন যে, জাহাজভাঙার জন্য আনা প্রতিটি জাহাজকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের আগেই বর্জ্যমুক্ত করতে হবে। তবে জাহাজভাঙা শিল্পের স্বার্থে সংশোধনীটি আনা হয়েছে বলে প্রথম আলোর কাছে বলেছেন ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব গোলাম হোসেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, রপ্তানিকারক দেশের সরকার বা সরকার অনুমোদিত কোনো সংস্থা থেকে জাহাজের বর্জ্যমুক্ত সনদ নেওয়ার আর দরকার পড়বে না। জাহাজে কোনো বিষাক্ত বর্জ্য আছে কি নেই, রপ্তানিকারকই তা বলবে। পরে তা যাচাই করে দেখবে পরিবেশ ও বন মন্ত্রণালয়। গত ২৬ জানুয়ারি জারি হওয়া আমদানি নীতিতে বলা হয়েছে, ‘পরিত্যক্ত জাহাজ (স্ক্যাপ ভ্যাসেল) আমদানির ক্ষেত্রে তা বিষাক্ত বর্জ্যমুক্ত—এই মর্মে রপ্তানিকারক দেশের সরকার বা সরকার কর্তৃক অনুমোদিত উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র শিপিং ডকুমেন্টসের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে।’ এতে পুরোনো জাহাজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় দুই মাস ধরে আমদানি নীতির এই ধারাটি সংশোধন করার উদ্যোগ নেয় পরিবেশ ও বন, নৌপরিবহন এবং বাণিজ্য মন্ত্রণালয়। গত ৬ এপ্রিল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ধারাটি সংশোধন না করতে আইন মন্ত্রণালয়ের কাছে দাবি জানালেও তা আমলে নেয়নি মন্ত্রণালয়। বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, জাহাজ বাংলাদেশে আসার পর রপ্তানিকারকের দেওয়া তথ্য অসত্য হলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে সম্পর্কে কোথাও কিছু বলা নেই। এর আগে রপ্তানিকারকের তথ্য আদালতে মিথ্যে প্রমাণিত হয়েছে।