ব্যবসায়ী সম্মেলনের প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনের দেড় মাস পর প্রত্যাশা পূরণ হয়নি জানিয়ে হতাশা প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এই হতাশা প্রকাশ করে জানানো হয়, ওই সম্মেলনের খরচ বাবদ প্রায় সাত লাখ ৭০ হাজার টাকা ঋণ করতে হয়েছে। এ জন্য একটি পত্রিকাকে দায়ী করে বলা হয়, পত্রিকাটি খবর প্রকাশ করায় অধিকাংশ ব্যাংক চাঁদা দেয়নি।বেলা ১১টায় রাজশাহী শিল্প ও বণিক সমিতির সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যবসায়ী সম্মেলনের সার্থকতা ও আয়-ব্যয়ের হিসাব জনসমক্ষে উপস্থাপনের জন্য এই সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বণিক সমিতির প্রশাসক জিয়াউল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বণিক সমিতির উপদেষ্টা আক্তারুজ্জামান, আসাদুজ্জামান ও মোকাদ্দেস হোসেন।লিখিত বক্তব্যে বলা হয়, সম্মেলনের অর্থ সংকুলানে আর্থিক সহায়তার জন্য রাজশাহী সিটি করপোরেশনের মেয়র সরল বিশ্বাসে অনানুষ্ঠানিক পত্রের (ডিও লেটার) মাধ্যমে ব্যাংকগুলোকে অনুরোধ জানান। অতি দুঃখজনক হলো, মেয়রের এই মহৎ উদ্দেশ্যকে ভিন্ন খাতে প্রবাহিত করে মেয়রকে চাঁদাবাজির অপবাদ দিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ ও সম্পাদকীয় প্রকাশ করা হয়। এতে মেয়রের সুনাম ক্ষুণ্ন হয়। ওই সংবাদের ভিত্তিতে অধিকাংশ ব্যাংকই তাদের প্রতিশ্রুত অনুদান প্রদান থেকে বিরত থাকে। ফলে, একটি বিশাল অঙ্কের দায় রাজশাহী শিল্প ও বণিক সমিতি তথা বর্তমান উপদেষ্টাদের কাঁধে চেপেছে।সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা ওই পত্রিকা ও সংশ্লিষ্ট সাংবাদিকের নাম জানতে চান। এ সময় নেতারা পত্রিকাটির নাম উল্লেখ না করে প্রথম আলোর স্থানীয় প্রতিবেদককে দেখিয়ে দেন। ওই ব্যবসায়ী সম্মেলনে চাঁদা না দেওয়া ১৭টি ব্যাংক ও একটি বিমা কোম্পানির নামের একটি তালিকা সাংবাদিকদের ধরিয়ে দেওয়া হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যবসায়ী সম্মেলন উপলক্ষে তাদের মোট আয় হয়েছে ১০ লাখ ৬৫ হাজার টাকা। এর বিপরীতে মোট ব্যয় হয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা। এ জন্য ঋণ করা হয় সাত লাখ ৬৯ হাজার ১৫০ টাকা। সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার এই ঋণের আড়াই লাখ, ব্যবসায়ী জিয়াউদ্দিন আহমেদ ৫০ হাজার, সমিতির প্রশাসক জিয়াউল হক ৫০ হাজার টাকা দিয়েছেন এবং সমিতির তহবিল থেকে ঋণ হিসেবে নেওয়া হয়েছে তিন লাখ টাকা।সংবাদ সম্মেলনে বণিক সমিতির নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই সংবাদের কারণে তিনজন মন্ত্রীসহ ঢাকার অতিথিরা নেতিবাচক মনোভাব নিয়ে সম্মেলনে যোগ দেন। এ জন্যই ওই সম্মেলন থেকে তাঁদের প্রত্যাশা পূরণ হয়নি।তবে তাঁরা লিখিত বক্তব্যের এক জায়গায় বলেন, জনমনে একটি বিভ্রান্তি বিরাজমান, ‘ওই সম্মেলনের উদ্দেশ্য সফল হয় নাই। প্রকৃত ঘটনা তা নয়। সম্মেলনের ফলে আমরা উত্তরাঞ্চল সেচ প্রকল্প বাস্তবায়ন অর্জন করতে সক্ষম হয়েছি।’ এ বক্তব্যে বণিক সমিতির নেতারা সাংবাদিকদের প্রশ্নবাণের মুখে পড়েন। সাংবাদিকেরা বলেন, সম্মেলনে কোনো মন্ত্রী একটি দাবিও বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা দেননি। এ সময় নেতারা সুনির্দিষ্ট কোনো জবাব দিতে পারেননি।রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন-২০১১-এর আয়োজন করা হয় গত ১৯ আগস্ট। সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বিশেষ অতিথি ছিলেন।সম্মেলন উপলক্ষে রাজশাহী শিল্প ও বণিক সমিতির অনুকূলে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান চেয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান নগরের ৩৬টি ব্যাংকে চিঠি দিয়েছিলেন। এ ব্যাপারে ১৮ আগস্ট প্রথম আলোয় ‘৩৬ ব্যাংকের কাছে টাকা চেয়ে মেয়রের চিঠি’ শিরোনামে খবর প্রকাশিত হয়।