রাজধানীর গুলশানের নার্সারি ব্যবসায়ী সাদিকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু হয়েছে।আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ আসামির উপস্থিতির জন্য দিন ধার্য ছিল।ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, আজ কারাগারে আটক দুই আসামি রুবেল ও মিথুনকে আদালতে হাজির না করায় বিচারক কানিজ আক্তার নাসরিনা খানম তারিখ পিছিয়ে ১২ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন। আদালত সূত্রে জানা যায়, মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় দ্রুত বিচার নিষ্পতির জন্য ১ ডিসেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। আদালত মামলাটি গ্রহণ করে আজ আসামির উপস্থিতির জন্য দিন ধার্য করেছিলেন।আদালত সূত্র জানায়, সাদিকুর রহমানের ছোট মেয়ের পরিচিত রুবেল তাঁর বন্ধু মিথুন চন্দ্র চন্দকে সঙ্গে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। এ নিয়ে কথাকাটাকাটি হয় একপর্যায়ে রুবেল সাদিকুর ও তাঁর স্ত্রীকে গুলি করে। গুলিবিদ্ধ দম্পতিকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাদিকুর রহমানের নিকটাত্মীয় বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২৪ মার্চ আসামি রুবলে, মিথুন, আলতাফ ও মহিউদ্দিনের নামে অভিযোগপত্র দেয়। আসামি রুবেল ও মিথুন কারাগারে আটক আছেন। অপর দুজন জামিনে আছেন।