ব্যবসায়ীকে গুলি করে চার লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মীর হাজিরবাগে আজ বুধবার দুপুরে মো. জামাল (৩৫) নামের একজন মুদি ব্যবসায়ীকে গুলি করে তাঁর কাছ থেকে চার লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। জামালকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথম আলো ডটকমকে জামাল জানান, মীর হাজিরবাগে তাঁর একটি মুদির দোকান রয়েছে। আজ বেলা দুইটার দিকে চার লাখ ২০ হাজার টাকা নিয়ে তিনি ইস্টার্ন ব্যাংকের গেন্ডারিয়া শাখায় জমা দিতে যাচ্ছিলেন। এ সময় চার ছিনতাইকারী তাঁর পথ রোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর ডান পায়ে গুলি করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। যাত্রাবাড়ী থানার কর্তব্যরত উপপরিদর্শক গুলবদন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।