ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই
রাজধানীর খিলক্ষেত থানার কাউলা ব্রিজের কাছে গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ছিনতাইকারীরা জসীমউদ্দিন (৩৮) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে কাউলা ব্রিজের কাছে গাড়িতে করে চার-পাঁচজন যুবক আসে। তারা মোটরসাইকেলের সামনে এসে এর গতি রোধ করে। এ সময় তারা অস্ত্রের মুখে জসীমউদ্দিনকে জিম্মি করে মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। জসীম বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাঁর পিঠে-পেটে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে দেয়। ছিনতাইকারীরা মোটরসাইকলে নিয়ে পালিয়ে যায়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন জসীম বলেন, তিনি রাতে টঙ্গীতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তিনি জমি বেচাকেনার ব্যবসা করেন।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।