ব্যবসায়ীকে মাটিচাপা দিয়েছে মাদকাসক্ত ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার নবেন্দ্রনাথ বসাক লেনে মনসুর দুলাল (৫৫) নামের এক ব্যবসায়ীকে শ্বাস রোধ করে খুনের পর লাশ মাটিচাপা দিয়েছে তাঁর মাদকাসক্ত ছেলে জাহিদুল ইসলাম ওরফে সানি ও কর্মচারী শরীফ।আজ শুক্রবার সানি ও ওই কর্মচারী শরীফের দেওয়া তথ্যের ভিত্তিতে নবেন্দ্রনাথ বসাক লেনের একটি স্কচটেপ তৈরির কারখানার তালা ভেঙে মাটি খুঁড়ে মনসুর দুলালের লাশ উদ্ধার করে পুলিশ।দুলালের স্ত্রী খাদিজা বেগম প্রথম আলোকে বলেন, দুই সন্তান নিয়ে তিনি গ্রামের বাড়িতে থাকেন। গত মঙ্গলবার বাড়িতে গিয়ে জাহিদুল জানান ফেরার পথে মানিকগঞ্জের ঘিওরে তাঁরা ডাকাতের কবলে পড়েছেন। এরপর তাঁরা বাবাকে খুঁজে পাননি। তাঁর কথায় বিশ্বাস করে কয়েক দিন ধরে ঘিওরে খোঁজ করে তাঁর স্বামীর সন্ধান পাওয়া যায়নি। দুলাল প্রায় ১০-১২ বছর ধরে ঢাকায় ব্যবসা করেন। জাহিদুল মাদকাসক্ত ছিলেন। মাদকের পথ থেকে ফিরিয়ে আনতে জাহিদুলকে ঢাকায় আনা হয়েছিল। বহু চেষ্টা করেও ওই পথ থেকে ফেরাতে পারেননি তাঁরা। বখাটে ছেলেদের নিয়ে কারাখানায় আড্ডা দিত জাহিদুল। এতে বাধা দেওয়ায় জাহিদুল তাঁর বাবার ওপর ক্ষিপ্ত ছিলেন।জাহিদুলের চাচা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, হত্যার সঙ্গে জড়িত কর্মচারী শরীফ একই গ্রামের। আজ সকালে শরীফ তাঁদের এক আত্মীয়ের কাছে খুনের কথা জানান। এরপর তাঁরা শরীফের কাছে খুনের বিস্তারিত ঘটনা শুনে ঢাকায় আসেন। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে মাদকের টাকা না পেয়ে কর্মচারী শরীফকে নিয়ে জাহিদুল সাত দিন আগে তাঁর বাবাকে মাথায় আঘাতের পর শ্বাস রোধ করে হত্যা করে মাটিচাপা দেয়। আজ গ্রামবাসী মাদকাসক্ত জাহিদুল ও শরীফকে আটক করে নাগরপুর থানা-পুলিশে সোপর্দ করে। নাগরপুর থানা-পুলিশের কাছে এ খবর পেয়ে আজ দুপুরে পুলিশ নিহতের স্বজনদের নিয়ে ৩০/১ নবেন্দ্রনাথ বসাক লেনের মনসুর দুলালের কারখানায় গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে গ্রেপ্তার দেখিয়ে ওই দুজনকে ঢাকায় আনা হবে।