ব্যবসায়ীদের উদ্বেগ: হরতাল অর্থনীতির জন্য ক্ষতিকর
বিরোধী দল বিএনপির ডাকা হরতালে উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো। তারা বলেছে, হরতাল অর্থনীতির জন্য ক্ষতিকর। এই হরতাল দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করবে। ব্যবসায়ী সংগঠনগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই), প্রভাবশালী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গতকাল বুধবার পৃথক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হরতাল দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার গতিকে হ্রাস করবে। যেসব দেশে স্থিতিশীল রাজনৈতিক অবস্থা রয়েছে, দেশের পণ্যের বাজার সেই সব দেশের হাতে চলে যাবে। যেমন করেই হোক দেশের এই অবস্থা এড়াতে হবে। ব্যবসায়ী নেতারা রাজনীতিবিদদের ইতিবাচক ভূমিকা দেখতে চেয়েছেন।এফবিসিসিআই: এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ জামাল বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, হরতাল বা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মে ব্যাপক বিশৃঙ্খলা ও হয়রানি সৃষ্টি করবে। সব ধরনের রাজনৈতিক মতবিরোধ জাতীয় সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এতে দেশের গণতন্ত্রের ভিত্তি যেমন মজবুত হবে, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিধারাকে সমুন্নত রাখবে। এমসিসিআই: সংগঠনের সভাপতি আমজাদ খান চৌধুরী গতকাল এক বিবৃতিতে বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের ঘন ঘন হরতাল আহ্বান সাম্প্রতিককালের রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটিয়েছে এবং ব্যবসায়িক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা এনে দিয়েছে। তিনি আরও বলেন, রাজনীতিতে মতামতের পার্থক্য থাকবেই। কিন্তু সেই মতপার্থক্য সাধারণ মানুষের জীবিকা ও জীবনকে জিম্মি যেন করতে না পারে।এমসিসিআইয়ের সভাপতি বলেন, এই হরতাল সমগ্র অর্থনীতিকে ব্যাহত করবে। সাধারণ মানুষের জানমালের হুমকির সম্মুখীন হবে এবং বিশেষ করে, তৈরি পোশাক শিল্পে অসুবিধার সৃষ্টি হবে ডিসিসিআই: ডিসিসিআইয়ের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে হরতালে উদ্বেগ প্রকাশ করে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। সংগঠনটি মনে করে, এ ধরনের হরতাল দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করবে।বিবৃতিতে আরও বলা হয়, গ্যাস ও বিদ্যুতের অপর্যাপ্ততা, উচ্চ ঋণের সুদ, উচ্চ মূল্যস্ফীতি, টালমাটাল পুঁজিবাজার এবং যোগাযোগসহ অবকাঠামোগত প্রতিবন্ধকতার কারণে দেশের অর্থনীতি ইতিমধ্যে নাজুক। এ অবস্থায় এ ধরনের হরতাল দেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করবে।