প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিকমতো কর পরিশোধের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ব্যবসায়ীরা ঠিকমতো কর দিলে যে রাজস্ব বাড়বে, তা দিয়ে শিল্পায়নের বৃহত্তর স্বার্থে বিদ্যুৎ উৎপাদনের অবকাঠামো নির্মাণ ও গ্যাস অনুসন্ধানের কাজ করা হবে। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের শিল্পঋণের সুদের হার কমানোর আশ্বাস দিয়েছেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত জাতীয় রপ্তানি ট্রফি-২০১১ বিতরণকালে এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ ও ইপিবির ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ। অনুষ্ঠানে কৃতী রপ্তানিকারকদের মধ্যে ২০০৮-০৯ ট্রফি বছরের জন্য সর্বমোট ১৯টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও সাতটি ব্রোঞ্জ ট্রফি ও সনদ প্রদান করা হয়। প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে ট্রফি তুলে দেন।প্রধানমন্ত্রী ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের প্রতি শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে অবদান রাখার আহ্বান জানান। তিনি শিল্পোৎপাদন ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে মালিক-শ্রমিক সুসম্পর্কের ওপরও জোর দেন।প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি পণ্য রপ্তানির ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, নব্বইয়ের দশকে বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় কিছু রপ্তানিকারকের উদয় হয়েছিল। তাঁরা ১৯৯২ থেকে ’৯৫ পর্যন্ত সময়ে জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স) জালিয়াতি করেন। ফলে ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানি বন্ধের উপক্রম হয়। এসব মৌসুমি ব্যবসায়ী চিংড়ি রপ্তানিতেও প্রতারণার আশ্রয় নেন। এতে হিমায়িত খাদ্য রপ্তানি হুমকির মুখে পড়ে। এসব কারণে বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে নেতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছিল। বর্তমান সরকার তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। বর্তমান সরকারকে ব্যবসায়ীবান্ধব বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় দেশের জিডিপি বাড়ছে। নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে। আধুনিক প্রযুক্তি আসছে। সাধারণ শ্রমিক দক্ষ শ্রমিকে পরিণত হওয়ার সুযোগ পাচ্ছেন। মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে। জনগণের ক্রয়ক্ষমতা বাড়ছে। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার এবার দায়িত্ব নেওয়ার সময় উন্নত বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছিল। এ মন্দা মোকাবিলায় সরকার দেশের রপ্তানিকারকদের দুই দফায় প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজসহ বিভিন্ন সহযোগিতা দিয়েছে। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি এক হাজার ৬৬২ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা এবং সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা প্রায় দ্বিগুণ করা হয়েছে। গত দুই বছরে মাথাপিছু আয় ৬৬০ ডলার থেকে ৭৮০ ডলারে উন্নীত হয়েছে। শেখ হাসিনা বলেন, সরকার বাণিজ্যবান্ধব আমদানি ও রপ্তানিনীতি প্রণয়ন করেছে। শিল্প স্থাপনকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে শিল্পনীতি তৈরি করা হয়েছে। নারী শিল্পোদ্যোক্তা সৃষ্টিকে উৎসাহিত, ডব্লিউটিওর দোহা রাউন্ড থেকে সর্বোচ্চ সুবিধা আদায় ও রপ্তানি উন্নয়ন অবকাঠামোর উন্নয়ন করা হয়েছে। এ ছাড়া উদ্যোক্তা ও রপ্তানিকারকদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো হচ্ছে।প্রধানমন্ত্রী বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানিপণ্য বহুমুখীকরণ, পণ্যের মানোন্নয়ন এবং শিল্পোৎপাদন বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমাদের সোনালি আঁশ পাট তার হারানো ঐতিহ্য আবার ফিরে পেতে যাচ্ছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে ৫১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। রাষ্ট্রায়ত্ত খাতের বন্ধ থাকা পাটকলগুলো একে একে চালু করা হচ্ছে।’শেখ হাসিনা বলেন, জাহাজ রপ্তানিতে একটি নীরব বিপ্লব সাধিত হয়েছে। এ ছাড়া বাংলাদেশ প্রায় ৮০টি দেশে ওষুধ রপ্তানি করছে। দেশীয় চাহিদারও প্রায় ৯৭ শতাংশ মেটানো হচ্ছে। দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বমন্দা সত্ত্বেও গত অর্থবছর রপ্তানিতে ৪ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের আট মাসে মোট রপ্তানি হয়েছে এক হাজার ৪০৭ কোটি ডলার।