ব্যবসায়ীদের প্রতি যথাযথভাবে কর প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে যথাযথভাবে কর প্রদানের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজস্ব বাড়লে জ্বালানি ও বিদ্যুত্ উত্পাদন বৃদ্ধিসহ নতুন নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।আজ বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত জাতীয় রপ্তানি ট্রফি-২০১১ বিতরণকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার কোনো রকম প্রস্তুতি ছাড়া ১৯৯৩ সালে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা ‘সাপটা’ চুক্তি করে। কিন্তু অজ্ঞতার কারণে তারা এর সুফল পায়নি। আমরা দায়িত্ব নিয়ে ১৯৯৮ সালে লোকাল ভেল্যু এডিশন ৩০ শতাংশে নামিয়ে আনি। এতে আমাদের পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হয়। সরকার সাপটা চুক্তির আওতায় ভারতসহ সার্কভুক্ত দেশগুলোতে এবং বিমসটেকের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় রপ্তানি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।’শেখ হাসিনা বলেন, তাঁর সরকার এবার দায়িত্ব নেওয়ার সময় উন্নত বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছিল। এ মন্দা মোকাবিলায় সরকার দেশের রপ্তানিকারকদের দুই দফায় প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর খাদ্যপণ্যের উচ্চমূল্য দেড় মাসের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। আন্তর্জাতিক বাজারে আট মাস ধরে খাদ্যপণ্যের দাম আবার বাড়লেও তা ক্রয়ক্ষমতার মধ্যে রাখার পাশাপাশি জনগণের আয় বাড়ানোর পথ সুগম করা হয়েছে।এ ছাড়া সরকার বাণিজ্যবান্ধব আমদানি ও রপ্তানিনীতি প্রণয়ন করেছে এবং শিল্প স্থাপনকে উত্সাহিত করার লক্ষ্য নিয়ে শিল্পনীতি তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।এ সময় বাণিজ্যমন্ত্রী ফারুক খান, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, ইপিবির ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ ও বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন উপস্থিত ছিলেন। বাসস।