ব্যবসায়ীদের মনোনয়ন দিয়ে আ.লীগ রাজনীতি নষ্ট করেছে: খালেদা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ ব্যবসায়ীদের মনোনয়ন দিয়ে রাজনীতিকে নষ্ট করেছে। ব্যবসায়ীরা অনেক টাকা খরচ করে এমপি-মন্ত্রী হন। তারপর সেই টাকার দ্বিগুণ আয় করেন। এভাবে রাজনীতি চলতে পারে না। রোববার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির রাজনৈতিক নেতাদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান। কার্যক্রম পরিচালনা করেন আরেক প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কবির মুরাদ। খালেদা জিয়া সরকারের সমালোচনা করে বলেন, বাংলাদেশের ইতিহাসে বিশ্বব্যাংক এই প্রথম কোনো প্রকল্পের টাকা বন্ধ করেছে। এটা আওয়ামী লীগের জন্য স্বাভাবিক হলেও বাংলাদেশের জন্য অসম্মানের। এখন পদ্মা সেতু হবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।প্রশিক্ষণের গুরুত্ব উল্লেখ করে খালেদা জিয়া বলেন, পেশিশক্তি নয়, জ্ঞানই রাজনীতির মূল শক্তি। আজকের দুনিয়াতে যত বেশি জ্ঞান অর্জন করা যাবে ততই শক্তি অর্জন করা যাবে। তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে আওয়ামী লীগ মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্ত করে। মিডিয়া তাদের পক্ষে কাজ করে। বুকলেট আকারে নতুন প্রজন্মের কাছে সঠিক তথ্য দিলে আওয়ামী লীগ ও আমাদের মধ্যে পার্থক্য বুঝতে পারবে।’ খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, তখনই দেশের সর্বনাশ করেছে। স্বাধীনতার পর ক্ষমতায় এসে দেশের ক্ষতি করেছে। ৯৬ সালে কিছুটা সংযত থাকলেও এখন আবার বেপরোয়া হয়ে উঠেছে। এর বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। সরকার সেগুলো দমনের জন্য প্রতিনিয়ত মামলা-হামলা করছে। কাউকে ধরে নিয়ে যাচ্ছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জিনিসপত্রের দাম অস্বাভাবিক। কয়েক দিন আগে পত্রিকায় দেখা গেছে, একজন মহিলা ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছেন। দেশে খাদ্যের অভাব নেই কিন্তু মানুষের ক্রয়ক্ষমতা নেই। খালেদা জিয়া বলেন, ‘মইনুদ্দিন-ফখরুদ্দীনের সময় থেকেই দেশের অর্থনীতি অনেক খারাপ হতে শুরু করেছে। আমাদের সময় অর্থনীতির অবস্থা ভালো ছিল। সেই ধারা অব্যাহত না রেখে তারা লুটপাটে ব্যস্ত হয়ে পড়ে। সব প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে। ব্যবসায়ীদের ধরে জেলে ঢুকিয়ে তাঁদের কাছ থেকে টাকা নিয়েছে। ফলে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দেন। তখন দেশের অবস্থা খারাপ হয়ে যায়। সেদিন ব্যর্থ না হলে তারা এত সহজে ক্ষমতা ছাড়ত না।’খালেদা জিয়া বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা চালু করেছিলেন। তিনি বলেছিলেন, আমি রাজনীতিকে রাজনৈতিক নেতাদের জন্য কঠিন করে দেব। ড্রয়িংরুমের রাজনীতি বন্ধ করে দেব। খালেদা জিয়া বলেন, ‘জলবায়ু পরিবর্তনে দেশের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তারা কোথায় যাবে? এসব বিষয়ে আমাদের একমত হওয়া দরকার। অন্য দেশে জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দল একমত হলেও আমরা তা হতে পারি না। আমাদের সঙ্গে তাদের যত রেষারেষি থাকুক না কেনো, দেশের স্বার্থে এক হয়ে কথা বলতে হবে। আমরা বিরোধীরা কথা বলছি কিন্তু সরকার গুরুত্ব দিচ্ছে না। আমরা যদি এক হয়ে কথা না বলতে পারি তাহলে বিদেশিরা গুরুত্ব দেবে না।’ খালেদা জিয়া বলেন, ‘দেশের সংস্কৃতির ওপর আগ্রাসন চলছে। সরকার অবাধে বিদেশি চ্যানেল সম্প্রচারের সুযোগ করে দিয়েছে। অবাধে ট্রানজিট দিয়ে দিয়েছে। আমরা টিপাইমুখ বাঁধের বিষয়ে প্রতিবাদ করেছি। ভারত বলছে, ক্ষতিকর কিছু করবে না। সরকার তা বিশ্বাস করে বসে আছে।’ খালেদা জিয়া দাবি করেন, সরকারের সব অপকর্ম প্রচারমাধ্যমের লোকেরা চান প্রকাশ করতে। কিন্তু সরকার প্রকাশ করতে দেয় না। কর্মশালায় আরও বক্তৃতা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার এবং এমাজউদ্দীন আহমদ, মনিরুজ্জামান মিঞা ও ড. মাহবুব উল্লাহ।