ব্যবসায়ীর কাছ থেকে ৮৪ হাজার টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১১ নম্বরে ছিনতাইকারীরা কুপিয়ে ও ছুরিকাঘাত করে রাজু শেখ (৪০) নামের এক ডিম ব্যবসায়ীর কাছ থেকে ৮৪ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, মিরপুর ১১ নম্বরের মোহাম্মাদিয়া বাজারে পাইকারি ডিম ব্যবসায়ী রাজু শেখ দোকান থেকে ৮৪ হাজার টাকা নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরছিলেন। বাজারের অদূরে পাঁচ ছিনতাইকারী তাঁর পথ রোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা মাথা ও পিঠে চাপাতি দিয়ে কুপিয়ে এবং ছুরিকাঘাত করে রাজুর কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্বজনেরা প্রথমে তাঁকে পল্লবীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিত্সাধীন রাজু বলেন, তিনজন ছিনতাইকারীকে তিনি চিনেছেন। ঈদের আগে স্থানীয় সন্ত্রাসী আক্কু, আকবর ও আশু তাঁর কাছে ৩০ হাজার টাকা চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ায় তখন সন্ত্রাসীরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছিল। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।