ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাটের রামপাল উপজেলার একটি চিংড়ি ডিপো থেকে আজ বৃহস্পতিবার সকালে জাকির হোসেন (৩০) নামের এক ব্যবসায়ীর গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ফুলপুকুরিয়া গ্রামের ‘জুঁই ফিশ’ নামের ওই চিংড়ি ডিপো থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।জাকির বাগেরহাটের মংলা উপজেলার সোনাইলনা গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে। তিনি মাহিদুল ইসলাম ও মারুফ নামের দুই ব্যক্তির সঙ্গে চিংড়ি ও রেণু পোনা কেনা-বেচার ব্যবসা করতেন। জুঁই ফিশ ওই তিনজনের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান।জাকিরের পরিবারের অভিযোগ, ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে তাঁকে চট্টগ্রাম থেকে বাগেরহাটে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।জাকিরের ছোট ভাই জিয়াউল হক মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, গত ১৫ দিন ধরে জাকির চট্টগ্রামে ছিলেন। দেনা-পাওনা নিয়ে অংশীদারদের সঙ্গে জাকিরের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।এ ব্যাপারে জাকিরের দুই ব্যবসায়িক অংশীদারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ব্যবসার প্রধান অংশীদার মহিদুলের বড় ভাই দাবি করেন, গতকাল রাতের কোনো এক সময় জাকির ওই ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। জাকিরকে চট্টগ্রাম থেকে ধরে আনার অভিযোগ অস্বীকার করেন তিনি।রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, সুরতহাল করার সময় লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি। এ ঘটনায় এখনো মামলা হয়নি।