ব্যবসায়ীরা চামড়া কেনা আপাতত বন্ধ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁচা চামড়া কেনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন ট্যানারি শিল্প মালিকেরা। গতকাল রোববার বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং বাংলাদেশ চামড়া প্রস্তুত, চামড়াপণ্য ও জুতা রপ্তানিকারক সমিতির (বিএফএলএলএফইএ) এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজার অস্থিতিশীল হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কাল মঙ্গলবার সংগঠন দুটি আবার একটি সভা ডেকেছে। ওই সভায় চামড়ার দর নির্ধারণ চূড়ান্ত করা হতে পারে। উল্লেখ্য, কোরবানির আগেই কাঁচা চামড়ার দর নির্ধারণ করে দেওয়া হয়েছিল। কিন্তু চামড়া ব্যবসায়ীরা নির্ধারিত দরের চেয়ে বেশি দামে চামড়া কিনেছেন। কিন্তু ট্যানারি মালিকেরা এখন বেশি দরে চামড়া কিনতে চাচ্ছেন না। এ নিয়ে চামড়ার বাজারে দর নিয়ে সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, বর্তমানে চামড়ার বাজারে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এ কারণে ট্যানারি মালিকেরা অনির্দিষ্টকালের জন্য কাঁচা চামড়া কেনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আফতাব বলেন, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে চামড়া সংগ্রহ করে আড়তগুলোতে কেবল লবণজাত করা হচ্ছে। এখনো চামড়া সরবরাহ শুরু হয়নি। তিন-চার দিনের মধ্যে ট্যানারিগুলোতে লবণজাত চামড়া সরবরাহ শুরু হবে। ফলে এ সিদ্ধান্ত চামড়ার বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না।তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার ট্যানারি মালিকেরা আড়ত মালিকদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে চামড়ার দর চূড়ান্ত হবে। তিনি বলেন, এবার কাঁচা চামড়া অন্যান্য বছরের তুলনায় বেশি দামে কেনাবেচা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে কেনাবেচা না হলে, তা এ খাতের জন্য শুভ নয়। মঙ্গলবারের বৈঠকে চূড়ান্ত দর নির্ধারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।