প্রচলিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের দাবি তুলেছেন দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ। তিনি সংবিধান পরিবর্তনের চলমান প্রক্রিয়ার মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সুপারিশ করেছেন।এ কে আজাদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবসায়ীদের কাছে চরম আতঙ্কের। আবার যদি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে, তাহলে দেশের অর্ধেকেরও বেশি ব্যবসায়ী দেশ ছেড়ে চলে যাবেন। কারণ, বিগত তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে ব্যবসায়ীদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে।নির্বাচন কমিশন স্বাধীন হলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রয়োজন নেই উল্লেখ করে এ কে আজাদ দাবি করেন, ব্যবসায়ীরা আর কোনো সময়ের জন্য তত্ত্বাবধায়ক সরকার চান না।গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ‘ব্যবসায় নৈতিকতা’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে এ কে আজাদ এসব কথা বলেন। উল্লেখ্য, এর আগে গত মাসেও আইবিএফবির আরেকটি সেমিনারে তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন।আইবিএফবির সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রধান অতিথি এবং বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন সম্মানিত অতিথি ছিলেন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদের পরিচালক অধ্যাপক জি এম চৌধুরী, অধ্যাপক ইফতেখার গনি চৌধুরী, আইবিএফবির নির্বাহী পরিচালক মতিউর রহমান প্রমুখ।এ কে আজাদ বলেন, শেয়ারবাজার ধসের জন্য দায়ীদের সবাই চেনেন, কিন্তু তাঁদের কিছুই করা যাচ্ছে না। নামও বলা যাচ্ছে না। প্রচলিত ব্যবস্থায় এসব দুর্নীতি দমন করা যাবে না।এফবিসিসিআইর সভাপতি আরও বলেন, এ দেশে ভালো মানুষ সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন না। বাণিজ্য সনদ (ট্রেড লাইসেন্স) নিতেও ঘুষ দিতে হচ্ছে। নৈতিকতা অভিধানে বন্দী রয়েছে, বাস্তবে তা নেই।ড. কামাল হোসেন বলেন, কিছু ব্যবসায়ী আছেন, যাঁরা সততার সঙ্গে ব্যবসা করেন না। দু-একজন লোকের জন্য পুরো দেশ ভোগান্তিতে পড়ে। তিনি দুর্নীতি দূর করতে রাজনীতিক, সাংসদ ও ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।কামাল হোসেন পুঁজিবাজার থেকে লুণ্ঠিত অর্থ জনগণকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি জনগণের অর্থ। জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে। সরকারের উচিত শেয়ারবাজার লুটপাটে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা।প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, শুধু মুনাফার জন্য ব্যবসা করা উচিত হয়। তিনি সহনীয় পর্যায়ে মুনাফা করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দেশে দুর্নীতিমুক্ত ব্যবসাবন্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে ব্যবসায়ীদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর তাগিদ দেন তিনি।মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, দেশে প্রচলিত প্রথা ও নীতির কারণেই ব্যবসায়ীরা দুর্নীতি করতে পারছেন। স্বাধীনতার ৪০ বছর পরেও ব্যবসায়ীদের জন্য কোনো সুনির্দিষ্ট ‘ব্যবসায় নৈতিকতা’ প্রতিষ্ঠা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।