ব্যবসায়ীরা রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বলার অধিকার রাখেন না: দেলোয়ার
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে সেখানে বিডিআর বিদ্রোহে নিহত সেনাদের পরিবারকে পুনর্বাসন করা হলে তা হবে ‘গরু মেরে চামড়া দান’ করার মতো ঘটনা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ৭ নভেম্বর উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব বলেন, ব্যবসায়ীরা রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বলার অধিকার রাখেন না। কারণ তাঁরা নিজেরাও কালিমামুক্ত নন। তিনি বলেন, ব্যবসায়ীরা কীভাবে এত সম্পদের মালিক হয়েছেন, তা তদন্ত করলেই বেরিয়ে আসবে।খোন্দকার দেলোয়ার জেলহত্যার সঙ্গে জিয়াউর রহমানকে জড়িয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, মামলার এজাহার, অভিযোগপত্রসহ কোনো কিছুতে জিয়াউর রহমানের নাম নেই। অথচ তার পরও তারা অপপ্রচার চালাচ্ছে।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের সমস্যা সমাধান না করে খালেদা জিয়ার সমালোচনায় ব্যস্ত। প্রধানমন্ত্রীকে আমরা সম্মান করতে চাই। কারণ তাঁকে সম্মান না করলে আমাকেও কেউ সম্মান করবে না।’ ওলামা দলের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও যুবদলের অন্যান্য নেতা বক্তব্য দেন। এ ছাড়া খোন্দকার দেলোয়ার আজ বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারতের সঙ্গে সাম্প্রতিক চুক্তির বিরোধিতা করেন। ইন্দিরা-মুজিব চুক্তির মতো এই চুক্তিতেও বাংলাদেশ কোনো কিছু পাবে না বলে তিনি মন্তব্য করেন।