ব্যবসায়ীরাই ভোজ্যতেল ও চিনির দর নির্ধারণ করবেন
ভোজ্যতেল ও চিনির বাজারদর পুরোপুরি ব্যবসায়ীদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এখন থেকে সরকার আর দর বেঁধে দেবে না। ফলে ভোক্তাদের নির্ভর করতে হবে ব্যবসায়ীদের ওপরই।এত দিন সরকার ভোজ্যতেল ও চিনির দর ঠিক করে দিলেও ব্যবসায়ীরা বেশির ভাগ সময়ই তা মানতেন না। এ জন্য ব্যবসায়ীদের ধমক দেওয়া ছাড়া আর কোনো ব্যবস্থাও নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। এখন আর সে সুযোগও রইল না।এদিকে ২১ জুন থেকে পণ্য দুটির পরিবেশক-পদ্ধতি চালু করা হবে। একই সঙ্গে কয়েক দিনের জন্য চালু থাকবে সরবরাহ আদেশ (ডিও) পদ্ধতিও। আগামী ১ জুলাই থেকে পুরোদমে চালু হবে পরিবেশক-পদ্ধতি।পরিশোধনকারী কারখানার মালিকদের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাণিজ্যসচিব গোলাম হোসেন সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।অতিরিক্ত বাণিজ্যসচিব এম মর্তুজা রেজা চৌধুরী, প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক এম এ সবুর, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান সারোয়ার জাহান আহমেদ, ট্যারিফ কমিশনের আবদুল কাইয়ুম, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।ব্যবসায়ীদের পক্ষ থেকে ছিলেন ভোজ্যতেল সমিতির সভাপতি এম এ রউফ চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালসহ অন্য পরিশোধনকারী কারখানার প্রতিনিধিরা।গোলাম হোসেন বলেন, ভোজ্যতেল ও চিনির মূল্য কী হবে, তা নিতান্তই উত্পাদকের ব্যাপার। মূল্য নির্ধারিত হবে সরবরাহ ও চাহিদার ওপর। কার, কী মূল্যকাঠামো হবে, তা ঠিক করবেন তাঁরাই। কারণ মূল্য নির্ধারণে অনেক বিষয় জড়িত থাকে। কেউ বেশি দামে আমদানি করে থাকেন, কারও বা আমদানিমূল্য কম পড়ে।সচিব জানান, দেশে ১২ থেকে ১৩টি পরিশোধনকারী কারখানা রয়েছে। এগুলোর মধ্যে প্রচ্ছন্ন প্রতিযোগিতা বিদ্যমান। ব্যবসায়ীদের কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে ভোজ্যতেলে তাঁরা লোকসান দিয়ে যাচ্ছেন।বাণিজ্যসচিব বলেন, ‘২১ জুন থেকে পরিবেশক-পদ্ধতি চালু হবে। তবে ডিও পদ্ধতি আরও কয়েক দিন অর্থাত্ ৩০ জুন পর্যন্ত চালু থাকবে। ভুলে গেলে চলবে না, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় উত্তরণ ঘটতে যাচ্ছে। এ-ও ভুলে গেলে চলবে না, অনেকেই এই ব্যবসায় জড়িত ছিলেন। তাঁদের ক্ষতি গুনতে হচ্ছে।’এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ভোজ্যতেল ও চিনির দর জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জানানোর কথা থাকলেও এখন পর্যন্ত তাঁরা কাজটি করেননি। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের আজ অনুরোধ করেছি, কাজটি যেন তাঁরা করে ফেলেন।’এম এ রউফ চৌধুরী বলেন, ভোজ্যতেল ও চিনির মূল্য নির্ধারিত হচ্ছে যথেষ্ট স্বচ্ছ পদ্ধতিতে। কত দাম দিয়ে পণ্য আমদানি হয়, তা সরকারের দপ্তরে জানাতে হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ জুন অনুষ্ঠিত বৈঠকে আগামী রমজান মাসে কোনো মুনাফা না করার যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, তা রক্ষা করার কথা জানান তিনি।পরিবেশক-পদ্ধতি চালুর পর ভোজ্যতেল ও চিনির দর বড়জোর এক টাকা হেরফের হতে পারে বলে জানান রউফ চৌধুরী।